রিয়ালের প্রতি কাদিজের সমবেদনা

অভিযোগটা তারাই তুলেছে। স্পেনের তৃতীয় বিভাগের দল কাদিজের সেই অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার পর এ মৌসুমের কোপা ডেল রে থেকে বহিষ্কারও করা হয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে বিচার পেয়ে কাদিজ একেবারে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে না। কিংবা উচ্ছ্বাস থাকলেও সেটা ওইভাবে প্রকাশই করছে না। বরং রিয়ালের মতো পরাশক্তি এক ক্লাবের এই পরিণতিতে সহমর্মিতাই জানাচ্ছে পুঁচকে এই ক্লাবটি।
বিতর্কের শুরু হয়েছিল গত বুধবার কোপা ডেল রেতে কাদিজের বিপক্ষে রিয়ালের ম্যাচ থেকেই। ওই ম্যাচে রিয়ালের হয়ে নেমেছিলেন রুশ উইঙ্গার ডেনিস চেরিশেভ, গোলও পেয়েছিলেন। কিন্তু গত বছর ভিয়ারিয়ালের হয়ে খেলার সময় তিনটি হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল তাঁর ওপর। নিয়মানুযায়ী শেষ ৩২-এর আগেই সেই নিষেধাজ্ঞা কাটাতে হতো চেরিশেভকে। যে নিয়ম ভঙ্গ করায় ম্যাচ শেষে কাদিজ যে অভিযোগ করেছিল, তার ভিত্তিতেই বহিষ্কার করা হয়েছে রিয়ালকে।
তবে অভিযোগ করার পর থেকে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেনি কাদিজ। কাল রিয়ালের শাস্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই শুধু আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দেওয়া হয়েছে ক্লাবটির পক্ষ থেকে। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘যা ঘটেছে তার জন্য কাদিজ আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে। রিয়াল মাদ্রিদের মতো বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ক্লাবকে আমাদের শহরে স্বাগত জানানোর আনন্দ ছাড়া আর কোনোভাবে সংবাদমাধ্যমের আলোচনায় আসার ইচ্ছে কাদিজের ছিল না। আমরা এখন লিগে আমাদের পরবর্তী ম্যাচটা নিয়ে ভাবছি, যে ম্যাচটি পরের মৌসুমে আমাদের দ্বিতীয় বিভাগে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আর এ বিষয়ে কোনো মন্তব্য না করার বিষয়টিও বিবৃতিতে তুলে ধরেছে কাদিজ।
কাদিজের বিবৃতির আগেই অবশ্য রিয়াল এই শাস্তির বিরুদ্ধে আপিল করার বিষয়টি নিশ্চিত করেছে। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের যুক্তি, স্প্যানিশ ফুটবলের শৃঙ্খলাবিধির ৪১ ধারা অনুযায়ী খেলোয়াড়কে নিষেধাজ্ঞার ব্যাপারটি না জানালে সেটা প্রয়োগ করা যায় না। চেরিশেভকেও সেটা জানানো হয়নি। কালই রিয়ালের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মনে করি যুক্তির পক্ষে যথেষ্ট প্রমাণও আমাদের কাছে আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রিয়াল মাদ্রিদ আশাবাদী চূড়ান্ত রায় আমাদের পক্ষেই আসবে।’
নিয়মানুযায়ী আপাতত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির কাছে আপিল করতে হবে রিয়ালকে। সেখানে ব্যর্থ হলে সুযোগ থাকছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার। সূত্র: গোল ডটকম।