রিয়ালের প্রথম পাঁচটি ইউরোপিয়ান ট্রফি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের প্রথম পাঁচটি ইউরোপিয়ান কাপ নিয়ে তোলা হয়েছে প্রশ্ন
রিয়ালের প্রথম পাঁচটি ইউরোপিয়ান কাপ নিয়ে তোলা হয়েছে প্রশ্ন

১১তম ইউরোপ সেরার ট্রফির জন্য চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। কিন্তু একটি অনলাইন পিটিশনে দাবি করা হয়েছে, রিয়ালের নামের পাশে প্রথম যে পাঁচটি ইউরোপিয়ান কাপ জয়ের কীর্তি আছে, সেটা বাতিল করতে হবে। অনলাইন পিটিশনে প্রায় ৫০ হাজার মানুষের সই সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে সেখানে ভোট দিয়েছেন ৪৯ হাজারেরও বেশি মানুষ।

ইউরোপিয়ান কাপ বা বর্তমান চ্যাম্পিয়নস লিগ রেকর্ড দশবার জিতেছে রিয়াল। দ্বিতীয় সর্বোচ্চ সাতবার এই ট্রফি জিতেছে এসি মিলান। কিন্তু রিয়ালের দশ ট্রফির পাঁচটিই এসেছে প্রথম পাঁচ আসরে। ১৯৫৫-৫৬ মৌসুমে চালু হওয়া এই টুর্নামেন্টের প্রথম আসর থেকে ১৯৫৯-৬০ আসর পর্যন্ত টানা চ্যাম্পিয়ন হয় রিয়াল।

change.org-এ (https://www.change.org/p/uefa-que-retiren-las-copas-de-europa-falsas-del-real-madrid) করা অনলাইন পিটিশনে বলা হয়েছে, তখনকার টুর্নামেন্টটি যে ভবিষ্যতে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস ​লিগ হয়ে উঠবে, এটা আয়োজকেরা ভাবতে পারেননি। তখনকার ফরম্যাটের সঙ্গে পরবর্তী আসরের কোনো মিলও নেই। এ কারণে রিয়ালের প্রথম পাঁচ আসরের চ্যাম্পিয়ন হওয়াটাকেও হিসাবের মধ্যে ধরা হলে সেটি বাকি ক্লাবগুলোর সঙ্গে অন্যায় করা হয়।

‘জাস্টিস দেপোর্তিভো’ নামের এক নিক ব্যবহারকারী এই পিটিশনটি খুলেছেন। আবেদনটিতে বলা হয়েছে, ‘খেলা হিসেবে ফুটবল এবং গণতন্ত্রের যে মূল্যবোধ আছে, তার দাবিতেই আমরা অনুরোধ করছি, ১৯৫৫-৫৬ থেকে ১৯৫৯-৬০ পর্যন্ত রিয়াল মাদ্রিদর ইউরোপিয়ান কাপের শিরোপাগুলো প্রত্যাহার করা হোক। তা করা হলে এই সত্যটাকে স্বীকৃতি দেওয়া হবে, এখনকার উয়েফা চ্যাম্পিয়নস লিগ বলে যে টুর্নামেন্টটি আমরা চিনি, এর সঙ্গে ওই ট্রফিগুলোর কোনো সম্পর্ক নেই।’

তাতে ৫০ হাজার কিংবা এর বেশি ভোট পড়লেই যে রিয়ালের ওই পাঁচটি ট্রফি বাতিল হয়ে যাবে, তা অবশ্য নয়। এটি এক ধরনের জনমত মাত্র। তবে এ ধরনের অনলাইন পিটিশনের কারণে পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক তৈরি হয়। এই পিটিশনের মন্তব্য অংশটিতে যেমন অনেকে ইতিহাস ঘেঁটে এর পক্ষে-বিপক্ষে নানা যুক্তিতর্ক তুলে ধরছেন।

এর আগে রিয়াল মাদ্রিদের সমর্থকেরাও সভাপতি পদ থেকে পেরেজকে সরানোর জন্য এমন একটি পিটিশন চালু করেছিলেন। তাতে অবিশ্বাস্য সাড়া পড়লেও পেরেজ এখনো রিয়াল সভাপতি পদে বহাল তবিয়তেই আছেন। সূত্র: গোলডটকম।