রিয়ালের ফাইনালে ওঠায় নাভাসের কৃতিত্ব দেখছেন বায়ার্ন কোচ

>• সেমিফাইনালের ফিরতি লেগে ৮টি ‘সেভ’ করেছেন নাভাস
• চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বের কোনো ম্যাচে এটা তাঁর সর্বোচ্চসংখ্যক ‘সেভ’
কিয়েভের টিকিট পাওয়ার জন্য কেইলর নাভাসকে ধন্যবাদ জানাতেই পারে রিয়াল মাদ্রিদ।
বায়ার্ন মিউনিখের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ ২-১ গোলে জিতেছিল রিয়াল। গত রাতে ফিরতি লেগে বড় বাঁচা বেঁচে গেছে স্প্যানিশ ক্লাবটি। ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে জিনেদিন জিদানের দল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোল ব্যবধানে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠার নেপথ্য ‘নায়ক’ কেইলর নাভাস। কোস্টারিকান এই গোলরক্ষক চীনের প্রাচীর হয়ে দাঁড়ানোয় আরও একটি কাঙ্ক্ষিত ‘অ্যাওয়ে গোল’ পায়নি বায়ার্ন।
জার্মান ক্লাবটি কতটা আক্রমণাত্মক ছিল তার সাক্ষী পরিসংখ্যান। গোটা ম্যাচে বায়ার্নের গোলপোস্ট তাক করে রিয়াল শট নিয়েছেন ৯টি। অন্যদিকে, রিয়ালের গোলপোস্ট তাক করে ২২টি শট নিয়েছে ইয়ুপ হেইঙ্কেসের দল। এর মধ্যে গোলপোস্ট বরাবর ছিল ১০টি শট। নাভাস শুধু দুটি শট রুখতে পারেননি। সেই দুবারই গোল পেয়েছে বায়ার্ন। বাকি আটবারই রিয়ালের ত্রাণকর্তা নাভাস।
বায়ার্ন আর একটি গোল করলেই শ্রেয়তর ‘অ্যাওয়ে গোল’সংখ্যার সুবিধা নিয়ে ফাইনালে উঠে যেত। কিন্তু নাভাসের দুটি হাত ফিরিয়ে দিয়েছে বায়ার্নকে। জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ভুলের জন্য সমালোচিত হয়েছিলেন ৩১ বছর বয়সী এ গোলরক্ষক। সেমিতে তাই বোধ হয় ভালো করার তাড়না কাজ করেছে নাভাসের মধ্যে। আর তাই চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এক ম্যাচে নিজের ক্যারিয়ারে সর্বোচ্চ ৮টি ‘সেভ’ করেছেন।
বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস তাই বলেছেন, নাভাসকে ধন্যবাদ জানাতে পারে রিয়াল। ম্যাচ শেষে হেইঙ্কেস বলেন, ‘নাভাসকে ধন্যবাদ দিতে পারে রিয়াল। সে ছিল অসাধারণ এবং দারুণ কিছু সেভ করেছে। দুটি ম্যাচে তাকালে মনে হবে আমরাই শ্রেয়তর দল ছিলাম। ফাইনালে উঠতে না পারাটা তাই বেশ হতাশার।’
অবসর ভেঙে বায়ার্নের কোচ পদে ফিরেছিলেন ৭২ বছর বয়সী হেইঙ্কেস। পূর্বের পরিকল্পনামতোই মৌসুম শেষে আবারও অবসরে যাবেন তিনি, ‘আমি আর বেঞ্চে (ডাগআউট) ফিরছি না। ৭২ বছর বয়সে এই ধরনের রোমাঞ্চে নামার লোক খুব বেশি নেই।’