রিয়ালের বিপক্ষে বাজে প্রচারণা চলছে!

রিয়াল মাদ্রিদের ডাগআউটে বসার পর থেকেই তাঁর চাকরি নিয়ে টানাটানি। চাকরি হারানোর গুঞ্জন না শুনে ঘুমোতে গেছেন, গত ছয় মাসে রাফায়েল বেনিতেজের জীবনে এমন একটি রাতও সম্ভবত আসেনি। দলের পারফরম্যান্স, তারকা খেলোয়াড়দের সঙ্গে বিবাদের গুঞ্জন— সব মিলিয়ে প্রতিদিনই কোনো না কোনো নেতিবাচক খবর থাকছেই তাঁকে আর রিয়ালকে ঘিরে। আর এ সব কিছুকেই তাঁর ও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিরুদ্ধে মাদ্রিদের মিডিয়ার ‘ক্যাম্পেইন’ হিসেবে দেখছেন বেনিতেজ।
এক সপ্তাহের বিরতি কাটিয়ে বছরের শেষ ম্যাচে আজ ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল। গুঞ্জন আছে, হেরে গেলে বেনিতেজেরও শেষ ম্যাচ হয়ে যেতে পারে এটি। জিনেদিন জিদানের রিয়ালের কোচ হওয়া কিংবা হোসে মরিনহোর প্রত্যাবর্তনের জল্পনা-কল্পনাও চলছে। অথচ গত ম্যাচেই রায়ো ভায়েকানোকে ১০-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বেনিতেজের দল। পয়েন্ট তালিকায়ও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে দল, (যদিও বার্সা ১ ম্যাচ কম খেলেছে) শিরোপার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, তবু তাঁকে ঘিরে, ক্লাবকে ঘিরে এত গুঞ্জনের মধ্যে ‘মিডিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা’ দেখছেন রিয়াল কোচ।
সোসিয়েদাদ ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বেনিতেজ বললেন, ‘ফ্লোরেন্তিনো, রিয়াল মাদ্রিদ এবং আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চলছে। যা কিছু সমালোচনা করার মতো সেগুলোর সমালোচনা তো হচ্ছেই, যেগুলো (সমালোচনা) করার মতো নয়, সেগুলোতেও হচ্ছে। বাইরে থেকে দেখলে যে কেউই এটা পরিষ্কার বুঝতে পারবে।’
গত কয়েক ম্যাচ ধরে ইসকো, হামেস রদ্রিগেজ কিংবা টনি ক্রুসদের ম্যাচে কম সময় খেলানো কিংবা তাড়াতাড়ি উঠিয়ে নেওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর মধ্যেই বেনিতেজের সঙ্গে এই খেলোয়াড়দের মনোমালিন্য আবিষ্কার করে ফেলেছে মাদ্রিদ ভিত্তিক সংবাদমাধ্যমগুলো। কিন্তু বেনিতেজ এটাকে মিডিয়ার ‘বাড়াবাড়ি’ হিসেবেই দেখছেন, ‘এখানে সবকিছুই অনেক বেশি বড় করে দেখানো হয়। আমার ২৪ জনের স্কোয়াড আছে। এদের মধ্যে কৌশলগত কারণে কোনো একজনকে বাদ দিলেও সেটাকে ব্যক্তিগত আক্রোশ হিসেবেই দেখানো হচ্ছে। তবে আমারও অনেক দিনের কোচিংয়ের অভিজ্ঞতা আছে, তাই কীভাবে মনোযোগ ধরে রাখা যায় সেটা আমি জানি। আর দলের ভেতরের অবস্থাও সবাই যা ভাবছে তার চেয়ে অনেক বেশি ভালো।’
এই এক সপ্তাহের ছুটিটা বেনিতেজ কাটিয়েছেন লিভারপুলে তাঁর পরিবারের সঙ্গে। সুযোগ বুঝে ব্রিটিশ সংবাদমাধ্যমের সঙ্গে স্প্যানিশ মাধ্যমগুলোর তুলনা করে একটা খোঁচা মেরে বসলেন রিয়াল কোচ, ‘সৌভাগ্যবশত ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো সবকিছু বাড়িয়ে লেখে না। স্পেনে যেমন হয়, প্রতিটি নতুন টুইটের সঙ্গে যেন দেশের ভিত্তিটাই নড়ে ওঠে, ব্রিটিশ সংবাদমাধ্যম অন্তত তেমন নয়।’
গত কয়েক দিনে মাদ্রিদের কয়েকটি সংবাদমাধ্যমে জরিপ চালানো হয়েছিল সমর্থকেরা কাকে রিয়ালের কোচ হিসেবে দেখতে চান এ নিয়ে। তাতে বেনিতেজের বিকল্প হিসেবে ছিল মরিনহো ও জিদানের নাম। এগুলোতেও মিডিয়ার ‘উদ্দেশ্য’ দেখছেন বেনিতেজ, ‘আমি জানতে পেরেছি যে এসব জরিপ নাকি সব সময়ই চালানো হয়। এই সব বিষয়ে গণমাধ্যমে আলাদা করে প্রতিবেদন আসছে করছে কারণ এটা তাঁদের প্রচারণার অংশ।’
তবে এত কিছুর মধ্যেও দলকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করছেন রিয়াল কোচ। সবাই মিলে একসঙ্গে দল নিয়ে আরও কাজ করতে হবে জানিয়ে বললেন, ‘খেলোয়াড়দের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো। হ্যাঁ, দলে কেউ বেশি খুশি, কেউ কম। কিন্তু এমনটা সব ক্লাবেই হয়। আমাদের আরও একটু বেশি চেষ্টা করতে হবে। শুরুটা আমিই করব। তবে মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো কিছু মূল্যায়ন করতে বসব না।’
ততদিন পর্যন্ত যদি রিয়ালে থাকার সুযোগ হয় বেনিতেজের। সূত্র: মার্কা, ইএসপিএন।