রিয়ালের বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার ‘সাহস’ সবার নেই
সান্তিয়াগো বার্নাব্যুতে কাল রাতে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর পোলিশ রেফারি সাইমন মারচিনিয়াকের ওপর চটেছেন চেলসি কোচ টমাস টুখেল।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার ‘সাহস’ অফিশিয়ালদের আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই জার্মান কোচ। মাদ্রিদের ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে রেফারির ‘হাসি-তামাশা’ করে কথা বলারও সমালোচনাও করেন টুখেল।
কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে চেলসির মাঠে ৩-১ গোলে জিতে এসেছিল রিয়াল। কাল ফিরতি লেগে রিয়ালের মাঠে রোমাঞ্চকর ম্যাচে চেলসি ৩-২ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের হারে বিদায় নিতে হয় চ্যাম্পিয়নস লিগ থেকে। অতিরিক্ত সময়ে করিম বেনজেমার গোলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় রিয়ালের।
নির্ধারিত সময় শেষে অফিশিয়ালদের সঙ্গে কথা-কাটাকাটি হয় টুখেলের। সংবাদমাধ্যমকে এ নিয়ে ৪৮ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘রেফারির ওপর মনঃক্ষুণ্ন হয়েছি। তার সঙ্গে আমার সহকর্মী কার্লো আনচেলত্তির বেশ ভালো সময় কেটেছে। কিন্তু তাকে ম্যাচের জন্য ধন্যবাদ জানাতে গিয়ে দেখি, প্রতিপক্ষ দলের কোচের সঙ্গে হাসি-তামাশা করছেন। আমার মতে, শেষ বাঁশি বাজার পর এমন কিছু করার জন্য এটা ভুল সময়। কোচ হিসেবে যদি দেখি প্রতিপক্ষ দলের কোচের সঙ্গে রেফারি এতটা সহজভাবে মিশছেন তাহলে সেটা কোনোভাবেই ভালো লাগবে না এবং তাকে সেটাই বলেছি।’
বিরতির পর চেলসি ২-০ গোলে এগিয়ে ছিল, এমন সময় মার্কোস আলোনসোর একটি গোল বাতিল হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ‘হ্যান্ডবল’ এর অপরাধে চেলসি খেলোয়াড়ের গোলটি বাতিল করে। গোলটি বৈধ ছিল কি না, তা খতিয়ে দেখতে মাঠের পাশের স্ক্রিনে ভিডিও রিপ্লে দেখেননি মারচিনিয়াক।
টুখেল ক্ষোভ ঝেড়েছেন এভাবে, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেললে মনে হয় না সবার সেই (বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার) সাহসটা আছে। প্রথম লেগ ও দ্বিতীয় লেগে এমন দেখা গেছে। তাকে (রেফারি) বলেছি যে, সে নিজে গিয়ে না (ভিডিও রিপ্লে) দেখায় প্রচণ্ড হতাশ হয়েছি।’
রেফারিকে তাঁর দায়িত্বও স্মরণ করিয়ে দেন টুখেল, ‘এমন ম্যাচে ক্ষমতাটা তার হাতেই থাকা উচিত, এমন কারও হাতে তুলে দেওয়া উচিত না যিনি মাঠের বাইরে আছেন। তাই আমার মনে হয় তার নিজের গিয়ে দেখা উচিত ছিল। পরে তিনি নিজেও ঘটনাটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারতেন। তবে এটা শুধুই আমার মতামত। আমার মনে হয়, আরও বেশি কিছু প্রাপ্য ছিল আমাদের। দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময়ে আমরা বেশি সময় খেলেছি বলে মনে করি। আসলে সব কিছু আমাদের হাতেই ছিল, কিন্তু ভাগ্যটা পক্ষে ছিল না।’