রিয়ালের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ডি মারিয়ার!

গেল মৌসুমটা দুর্দান্ত কেটেছিল অ্যাঙ্গেল ডি মারিয়ার। রিয়ালের হয়ে জিতেছিলেন লা ডেসিমা, লিসবনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। তবুও নতুন মৌসুমে রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। এরপর রেকর্ড ৯ কোটি ৮ লাখ ডলারে ইউনাইটেডে নাম লিখিয়েছেন আর্জেন্টিনা উইঙ্গার। রিয়ালের পক্ষ থেকে বলা হয়েছিল, ডি মারিয়াই নাকি রিয়াল ছাড়তে মরিয়া হয়ে উঠেছিলেন। কিন্তু ডি মারিয়া ক্লাব ছাড়ায় ব্যথিত রিয়াল সমর্থকদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে জানালেন, বাধ্য হয়েই ক্লাব ছেড়েছেন!
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাতে প্রকাশিত এক খোলা চিঠিতে ডি মারিয়া লিখেছেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আজ ছাড়তে (রিয়াল) হবে। তবে এটি পরিষ্কার বলতে চাই, কখনোই ছাড়ার ইচ্ছা ছিল না। সব সময়ই এ ব্যাপারে অগ্রগতি চেয়েছিলাম, সবাই নিজের চাকরির ব্যাপারে যা করে। ক্লাব থেকে ভালো ইঙ্গিত পাব, এ আশা নিয়ে লা ডেসিমার পর বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম। কিন্তু তা হয়নি।’
এরপর রীতিমতো বোমা ফাটালেন আর্জেন্টিনা মিডফিল্ডার। বললেন, ‘তারা আমার সম্পর্কে অনেক মিথ্যাচার করেছে। তারা সব সময়ই ক্লাব ছাড়ার ব্যাপারটি আমার ওপর চাপিয়ে দিতে চেয়েছে। কিন্তু ব্যাপারটা এ রকম নয়। একটি ব্যাপারই বলতে পারি, সব সময়ই স্বচ্ছ একটা চুক্তি চেয়েছিলাম। অনেক কিছুই ছিল, যেগুলো আমার পাওয়ার অধিকার রাখি। অনেক কিছুই ছিল, যা আমার বেতনের সঙ্গে সামঞ্জস্য ছিল না। আশা করি বিশ্বের অন্যতম বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে সবকিছু ঠিকঠাক পাব। এতে করে নতুন ইতিহাস গড়তে অনুপ্রেরণা পাব।’ মার্কা ও এএফপি।