এই হার স্বপ্নেও ভাবেনি রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালকে বিষাদে ডুবিয়ে সোসিয়েদাদ খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।
রিয়ালকে বিষাদে ডুবিয়ে সোসিয়েদাদ খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

এমন হার স্বপ্নেও কল্পনা করেনি রিয়াল-সমর্থকেরা। দলবদলের বাজারে মিলিয়ন ডলার ছড়িয়ে, দলে তারকা খেলোয়াড়দের সমাবেশ ঘটিয়েও শেষ অবধি লস ব্লাঙ্কোসদের হারতে হলো সোসিয়েদাদের মতো এক নিচু সারির দলের কাছে! তাও আবার ৪-২ গোলের পরিষ্কার ব্যবধানে। যাঁরা খেলাটি দেখেননি, তাঁদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা প্রয়োজন, খেলাটিতে প্রথমে রিয়াল মাদ্রিদ এগিয়ে ছিল ২-০ গোলে। এ ম্যাচে চোটের কারণে খেলেননি দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ১১ মিনিটের মাথাতেই গ্যারেথ বেল ও সার্জিও রামোসের গোলে এগিয়ে গিয়েছিল ইউরোপসেরা রিয়াল। এর মধ্যে রামোসের একটি শট সোসিয়েদাদের পোস্টে না লাগলে হয়তো গোলের সংখ্যা আরও বাড়তে পারত। ‘দুর্বল প্রতিপক্ষ’ পেয়ে যখন প্রিয় দলের গোল উত্সবের অপেক্ষায় রিয়াল-সমর্থকেরা, ঠিক তখনই অভাবনীয়ভাবে ঘুরে দাঁড়ায় ‘দুর্বল’ সোসিয়েদাদ। পরপর চার গোলের ঝড়ে উড়ে যান কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সোসিয়েদাদের কাছে বিধ্বস্ত রিয়াল ফুটবলাররা। ছবি: রয়টার্স।
সোসিয়েদাদের কাছে বিধ্বস্ত রিয়াল ফুটবলাররা। ছবি: রয়টার্স।

অ্যাঙ্গেল ডি মারিয়া ও জাবি আলোনসো দল ছেড়ে দেওয়ার পর রিয়ালের এক নতুন চেহারার দল কাল খেলতে নেমেছিল সোসিয়েদাদের বিপক্ষে। হামেস রদ্রিগেজ, গ্যারেথ বেল ও করিম বেনজেমার কাঁধে ছিল আক্রমণের দায়িত্ব। টনি ক্রুস, লুকা মদ্রিচ ও ইসকো ছিলেন মধ্যমাঠের প্রহরী হিসেবে। দানি কারভাহাল, পেপে, সার্জিও রামোস ও মার্সেলো কাঁধে ছিল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে বিপদমুক্ত রাখার ভার। কিন্তু কাল রিয়াল বড় প্রবলভাবেই অনুভব করেছে ডি মারিয়া ও জাবি আলোনসোর বল-প্লে।

খেলার শুরু থেকেই সোসিয়েদাদের ওপর সর্বশক্তি নিয়েই ঝাঁপিয়ে পড়ে রিয়াল। দলকে প্রথমে গোল করে এগিয়ে যেতে সহায়তা করেন রামোস। খেলার পাঁচ মিনিটের মাথায় টনি ক্রুসের কর্নার থেকে বল সোসিয়েদাদের জালে চলে যায় বাতাসে শরীর ভাসিয়ে দেওয়া রামোসের মাথা থেকে। ১১ মিনিটের সময় বেল রিয়ালের পক্ষে দ্বিতীয় গোলটি করেন মদ্রিচের কাছ থেকে বল পেয়ে।

দুই গোলে পিছিয়ে পড়ে নিজেদের যেন নতুন করে ফিরে পায় সোসিয়েদাদ। খেলার ৩৫ মিনিটের সময় ব্যবধান কমিয়ে নিয়ে আসেন ইনিগো মার্তিনেজ। ৪১ ও ৬৫ মিনিটে ডেভিড জুরুতুজা পরপর দুটি গোল করে সবাইকে অবাক করে দেন সোসিয়েদাদকে রিয়ালের বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে নিয়ে। রিয়ালের কফিনে শেষ পেরেকটি পোঁতেন কার্লোস ভিয়া, খেলার ৭৫ মিনিটে।

এরপর খেলায় ফিরে আসার আর কিছুই থাকে না, রিয়ালের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি। ৮৬ মিনিটে অবশ্য স্যামি খেদিরার একটি হেড চলে যায় ক্রসবারে হাওয়া লাগিয়ে। এই সময় বেনজেমা ও রদ্রিগেজের দুটো প্রচেষ্টাও পর্যবসিত হয় ব্যর্থতায়।

খেলা শেষে দলের পারফরম্যান্সকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেছেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। তাঁর মন্তব্য অনেকটা এমন, ‘দুই গোলে এগিয়ে গিয়ে কোনো দল যদি চার গোল খেয়ে খেলা শেষ করে, তাহলে কারোরই কিছু বলার থাকে না। মোদ্দাকথা হলো, আজ আমাদের পারফরম্যান্সটা হয়েছে ভয়াবহ রকমের খারাপ। যে ধরনের খেলা আজ আমরা খেলেছি, তা কোনো অবস্থাতেই দলের কাছ থেকে আশা করা যায় না। এই হার, ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে দেখা দেবে।’

নিজের দলকে সমালোচনার তিরে বিদ্ধ করলেও প্রতিপক্ষ সোসিয়েদাদকে অভিনন্দন জানাতে ভোলেননি ক্যাসিয়াস, ‘সোসিয়েদাদ সত্যিই অসাধারণ খেলেছে। অভিনন্দন ওদের প্রাপ্য।’

ক্যাসিয়াসের সর্বশেষ কথাটাই সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য, ‘আমাদের এই মুহূর্তের করণীয় হচ্ছে দলের ভেতরের স্পন্দনটা অনুভব করা। আজ মাঠে যা হলো, সেটা রিয়ালের মতো দলের জন্য মোটেও স্বাভাবিক কিছু নয়।’

কোচ আনচেলত্তি এই হারের পর সবার কাছে ক্ষমাই চেয়েছেন, ‘এটা আমার দায়দায়িত্বের মধ্যে পড়ে। আমি সত্যিই দুঃখিত। সমর্থকদের কাছে আমি ক্ষমা চাই।’

আনচেলত্তির মতে, এই ম্যাচে রিয়ালের খেলোয়াড়দের মধ্যে তাড়নার অভাব ছিল চোখে পড়ার মতোই, ‘দুই গোলে এগিয়ে গিয়ে কোনো দল চার গোল খেলে বুঝতে হবে, জেতার তাড়নাটাই তাদের মধ্যে ছিল না। এটা মোটেও মেনে নেওয়ার মতো নয়।’

জাবি আলোনসো ও ডি মারিয়ার বিদায়ে দলের ভারসাম্য নষ্ট হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর মেলেনি রিয়াল কোচের কাছ থেকে, ‘এটা একজন বা দুজন খেলোয়াড়ের অনুপস্থিতিজনিত সমস্যা নয়। এটা পুরো দলের সমস্যা। এই ম্যাচে দল যা খেলেছে, তাতে আলোনসো থাকলেও একই রকম হতে পারত।’ রয়টার্স, গোল ডটকম।