রিয়ালের ব্যর্থতার ৭ কারণ

সাফল্যের সময় প্রশংসার বন্যা ছুটিয়ে দেওয়া আর ব্যর্থতায় অবিরত সমালোচনার তির ছোড়া—খেলাধুলায় নিত্যই দেখে মেলে এ দৃশ্যের। তবে রিয়াল মাদ্রিদ ভাবতেও পারেনি, এত দ্রুত দৃশ্যপটে আসবে পরিবর্তন; এত জলদি সইতে হবে সমালোচনার চাবুক!
মাস পাঁচেক আগেও শিরোনাম হতো, রিয়ালের জয়রথ ছুটছেই। আর এখন? ঠিক উল্টো। পরশু জুভেন্টাসের বিপক্ষে ড্র করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর রিয়াল-শিবিরে অস্থিরতা, সব হারানোর বেদনা! গত মৌসুমে ‘লা ডেসিমা’ জেতা দলটা মাস পাঁচেক আগেই টানা ২২ ম্যাচ জিতে উড়ছিল। অথচ এবার শূন্য হাতে মৌসুম শেষ করার চোখ রাঙানি। কোপা ডেল রের আশা আগেই শেষ, অলৌকিক কিছু না হলেও লিগটাও গেছে ফসকে! সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায়। এ মৌসুমে কোনো সান্ত্বনাই রইল না রিয়াল সমর্থকদের!
সম্প্রতি পাঠকদের মধ্যে একটা জরিপ চালিয়েছিল স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’। পাঠকদের মতামতের ভিত্তিতে এ মৌসুমে রিয়ালের ব্যর্থতার পেছনে সাত কারণ বের করেছে পত্রিকাটি। দেখে নিন কারণগুলো।
১. দল আবর্তনে দূরদর্শিতা
মৌসুমের শেষ প্রান্তে এসে খেলোয়াড়েরা ভীষণ ক্লান্ত। দলের তারকা খেলোয়াড়দের টানা খেলিয়েছেন আনচেলত্তি। সমর্থকেরা মনে করছে, এক দল বারবার না খেলিয়ে খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলালে শেষ পর্যায়ে এত ক্লান্তি আর চোট ভর করত না দলের ওপর।
২. মডরিচের অনুপস্থিতি ও অন্যদের চোট
এ মৌসুমে লুকা মডরিচের চোট বেশ ভুগিয়েছে রিয়ালকে। শুধু ক্রোয়াট মিডফিল্ডার নন; হামেস রদ্রিগেজ, করিম বেনজেমা, গ্যারেথ বেল ও রামোস বিভিন্ন সময় দলকে ছিটকে গিয়েছেন চোটের কারণে। এ চোটের প্রভাব পড়েছে দলের সমন্বয় ও পারফরম্যান্সে।
৩. দায় আছে রোনালদোরও
যে খেলোয়াড় এ মৌসুমেও ৫০-এর ওপর গোল করেছেন, তাঁকে সামগ্রিকভাবে দায়ী করাটা হয়তো সমীচীন হবে না। তবে রিয়াল তারকার গত দুই-তিন মাসের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। বড়দিন ও শীতের ছুটির আগে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় রোনালদোর মোট গোলসংখ্যা ছিল ৩২। ছুটির পর অর্থাৎ এ বছর রোনালদোর গোলসংখ্যা ২৩টি। এর মধ্যে আবার জানুয়ারিতে কর্দোবার এক খেলোয়াড়ের সঙ্গে কাণ্ডজ্ঞানহীন আচরণ ও লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধও হয়েছিলেন।
৪. বদলি খেলোয়াড়দের ওপর আস্থা না রাখা
ইয়ারামেন্দি, লুকাস সিলভা, হাভিয়ের হার্নান্দেজ, খেদিরা, কোয়েন্ত্রাওদের মতো বদলি খেলোয়াড়দের ওপর খুব বেশি আস্থা রাখতে পারেননি আনচেলত্তি। ব্যর্থতার পেছনে এ কারণটিও এখন বড় হয়ে উঠেছে।
৫. দুশ্চিন্তার নাম বেল
কদিন আগেই গ্যারেথ বেলের এজেন্ট অভিযোগ করলেন, ওয়েলশ উইঙ্গারের সঙ্গে সতীর্থরা ঠিকঠাক সহযোগিতা করছেন না। পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে বেলকে রিয়াল বিক্রি করে দিতে পারে, এমন গুঞ্জনও ভেসেছে। জুভদের বিপক্ষে নিষ্প্রভ বেল সেই গুঞ্জনের পালে যেন জোর হাওয়াই দিলেন। এই মৌসুমে মাত্র ১৭ গোল করেছেন। তার চেয়েও বড় কথা, লিগের শেষ প্রান্তে গত ১৯ ম্যাচে করেছে মাত্র দুটি গোল।
৬. বড় দলের বিপক্ষে ভেঙে পড়া
এ মৌসুমে বড় দলের বিপক্ষে নিয়মিত খেই হারিয়ে ফেলেছে রিয়াল। লিগে বার্সেলোনার বিপক্ষে প্রথম ম্যাচটা ৩-১ ব্যবধানে জিতলেও পরের ম্যাচটা হেরেছে ২-১ ব্যবধানে। আবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারাটা যেন রিয়ালের জন্য অবধারিত হয়ে দাঁড়িয়েছে এ মৌসুমে। অ্যাটলেটিকোর বিপক্ষে লিগে দুই ম্যাচে হেরেছে। কোপা ডেল রের দ্বিতীয় পর্বেই রিয়ালকে বিদায় করে দিয়েছে ডিয়েগো সিমিওনের দল। সর্বশেষ, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জুভেন্টাস-বাধাও পেরোতে পারেনি রিয়াল।
৭. আনচেলত্তির কৌশলেই গলদ
সুসময়ে সমস্যাগুলো চোখে পড়ে না। আর খারাপ সময়ে সামান্য ছিদ্রটা বিশাল হয়ে দাঁড়ায়। যে আনচেলত্তি রিয়ালের ঘরে এনে দিয়েছিলেন লা ডেসিমা। এখন তাঁর কৌশল নিয়েই উঠেছে প্রশ্ন। রিয়াল কোচের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তিনি নাকি ধরতেই পারছেন না দলের আসলে সমস্যা কোথায়! চিকিৎসক যদি রোগই শনাক্ত না করতে পারেন, তবে ওষুধ দেবেন কী?