রিয়ালের ভাগ্য বার্নাব্যুতেই

বেল, রদ্রিগেজ ও মডরিচরা সুযোগ পেয়েছিলেন কয়েকটি। কখনো তাদের ব্যর্থ করে দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক, কখনো সুযোগ নষ্ট করেছেন নিজেরাই। ফলাফল, ভিসেন্তে ক্যালদেরনে মাদ্রিদ ডার্বি গোলশূন্য ড্র। চ্যাম্পিয়নস লিগে পরশু রাতের অন্য ম্যাচে জুভেন্টাস মোনাকোকে হারিয়েছে আর্তুরো ভিদালের পেনাল্টি গোলে। মাদ্রিদ ডার্বির টুকরো কিছু ছবি
সাতেও খুলল না গেরো
পরশুর আগ পর্যন্ত এ মৌসুমে অ্যাটলেটিকোর বিপক্ষে ছয়বার খেলেছে রিয়াল। লা লিগার দুটি ম্যাচেই হার। কোপা ডেল রেতে ড্র ও হার। একই ফল স্প্যানিশ সুপার কাপের দুই ম্যাচেও। সপ্তম ম্যাচেও নগরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারল না রিয়াল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় ২২ এপ্রিল বার্নাব্যুতে ফিরতি লেগটা অগ্নিপরীক্ষা হয়ে গেল তাদের জন্য। শেষ চারে যেতে হলে আগামী বুধবার বার্নাব্যুর ওই ম্যাচে জিততেই হবে কার্লো আনচেলত্তির দলকে। গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে এবং তারপর টাইব্রেকারে। আর গোল হয়ে ড্র হলে সেমিফাইনালে উঠে যাবে অ্যাটলেটিকো।
দুর্দান্ত ওবলাক
গোলবারের নিচে আগের মৌসুমের দুর্দান্ত থিবো কোর্তোয়া নেই। তবে পরশু রাতে কোর্তোয়া যেন ফিরলেন ইয়ান ওবলাকের রূপ ধরে। রিয়ালের কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ অ্যাটলেটিকোর এই গোলরক্ষক নষ্ট করে দিয়েছেন চোখধাঁধানো সেভে। তৃতীয় ও ৩২ মিনিটে দুবার গ্যারেথ বেলের দুটি শট ঠেকিয়েছেন। প্রথমার্ধে হামেস রদ্রিগেজকে হতাশ করেছেন একবার। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট স্লোভেনিয়ান এই গোলরক্ষকও, ‘দল গোল করতে পারলে ভালো লাগত। কিন্তু নিজের মাঠে আমরা গোল খাইনি, এটাও বড় ব্যাপার।’
কারভাহালের ঘুষি
নিজেকে কিছুটা সৌভাগ্যবান ভাবতেই পারেন দানি কারভাহাল। ৬২ মিনিটে বল দখলের লড়াইয়ে ধাক্কাধাক্কির মধ্যে রিয়াল ডিফেন্ডার হঠাৎই ঘুষি মারেন অ্যাটলেটিকো ফরোয়ার্ড মারিও মানজুকিচকে। তবে এমন কাণ্ড করেও লাল কার্ড পাননি কারভাহাল—ঘটনাটি চোখ এড়িয়ে গেছে রেফারির! ম্যাচের পর সংবাদ সম্মেলনে দুই কোচ কার্লো আনচেলত্তি ও ডিয়েগো সিমিওনেও দাবি করেছেন, তাঁরাও ঘটনাটি দেখেননি!
পারলেন না রোনালদো
সমানে সমান লড়াই চলছে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে। পরশুর ম্যাচের আগ পর্যন্ত দুজনই ৭৫টি করে গোল নিয়ে ইউরোপের সর্বোচ্চ এই ক্লাব টুর্নামেন্টে গোলদাতাদের শীর্ষে। অ্যাটলেটিকোর বিপক্ষে গোল পেলে এগিয়ে যেতে পারতেন রোনালদো। পর্তুগিজ উইঙ্গার তা পারেননি। কাল পিএসজি-বার্সেলোনা ম্যাচে গোল পেয়ে থাকলে এগিয়ে গেছেন মেসি।
ফিরতি লেগে নেই মার্সেলো-সুয়ারেজ
ভিসেন্তে ক্যালদেরনে ম্যাচের ৮৫ মিনিটে হলুদ কার্ড দেখেন অ্যাটলেটিকোর মিডফিল্ডার মারিও সুয়ারেজ। চার মিনিট পর রিয়ালের ডিফেন্ডার মার্সেলোও। দুজনেরই তিনটি করে হলুদ কার্ড হয়ে যাওয়ায় ফিরতি লেগে খেলতে পারবেন না কেউই। বার্নাব্যুতে তাই অ্যাটলেটিকোর মিডফিল্ডে গ্যাবির পাশে দেখা যেতে পারে থিয়াগোকে। মার্সেলোর জায়গায় আনচেলত্তির বিকল্প আরবেলোয়া অথবা কোয়েন্ত্রাও।