রিয়ালের মতো ফরাসি সুবাস মাখতে চায় বার্সেলোনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার ডাগ আউটে দেখা যাবে ব্লাকে? ছবি: টুইটার
বার্সার ডাগ আউটে দেখা যাবে ব্লাকে? ছবি: টুইটার

রিয়াল মাদ্রিদে ইতিহাসের পর ইতিহাস রচনা করছেন জিনেদিন জিদান। ফ্রেঞ্চ কিংবদন্তি খেলোয়াড় হিসেবে রিয়ালকে যা দিয়েছেন, তার চেয়েও বেশি দিচ্ছেন কোচ হিসেবে। আধুনিক ফুটবলে অসম্ভব বলে মনে হওয়া হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। বুড়িয়ে যাওয়া এক স্কোয়াড, যাদের বাতিল বলে ফেলে দিতে বলেছিলেন সবাই, সে দলকে নিয়ে লিগ জিতেছেন মেসির বার্সেলোনাকে টপকে। এ কারণেই হয়তো ১২ বছরের মধ্যে সবচেয়ে বাজে মৌসুম কাটানো বার্সেলোনা দুঃসময় কাটিয়ে উঠতে ফরাসি সৌরভই মাখতে চাইছে।

স্প্যানিশ পত্রপত্রিকায় গুঞ্জন ছড়িয়েছে, জিদানের সাবেক সতীর্থ ও ফ্রেঞ্চ কোচ লরাঁ ব্লাঁকে কোচ করে আনতে চায় বার্সেলোনা। এ মৌসুমের মাঝপথে আরনেস্তো ভালভার্দেকে ছাঁটাই করে কিকে সেতিয়েনকে দায়িত্ব দিয়েছে কাতালানরা। কিন্তু এই কোচের অধীনে উল্টো লিগ শ্রেষ্ঠত্ব হারিয়েছে বার্সেলোনা। খেলায়ও আকাঙ্ক্ষিত সৌন্দর্য নেই। ফলে দেড় বছরের জন্য আনা হলেও এক মৌসুম আগেই তাঁকেও বিদায় বলে দিতে পারে বার্সেলোনা।

ফরাসি পত্রিকা লেকিপ জানিয়েছে, বার্সেলোনা এখন লরাঁ ব্লাঁর দিকে নজর দিয়েছে। ক্লাব কিংবদন্তি জাভিকেই দীর্ঘ মেয়াদে চাওয়া হলেও বর্তমান বোর্ডের অধীনে দায়িত্ব নিতে রাজি নন জাভি। কাতারে নিজের বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছেন। এদিক থেকে ব্লাঁকে চাওয়াটা নিরাপদ। কারণ ২০১৬ সালে পিএসজির কোচের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর থেকেই বেকার ব্লাঁ–ও বার্সেলোনার কোচ হতে আগ্রহী।

ক্লাবের ক্রীড়া পরিচালক এরিক আবিদাল বার্সেলোনায় স্বদেশি কোচ পেতে আগ্রহী। আর বার্সেলোনার সাবেক খেলোয়াড় ব্লাঁ–ও বলের দখল নিয়ন্ত্রণে রেখে রেখে খেলানোয় বিশ্বাসী বলে বার্সেলোনার ধরনের সঙ্গে অনায়াসে মানিয়ে নিতে পারবেন। পিএসজি থেকে বিদায় নেওয়ার পর বেশ কয়েকটি চাকরির প্রস্তাব পেলেও তাতে রাজি হননি। তবে সাবেক ক্লাবের প্রস্তাব পেলে দ্বিধা করবেন না ব্লাঁ, এমনটাই জানিয়ে লেকিপ। এমনকি ক্লাবের সুবিধার্থে শুধু এক বছরের জন্য চুক্তি করতেও রাজি আছেন ৫৪ বছর বয়সী ফ্রেঞ্চ।