রিয়ালের মতোই ভয়ংকর হবে বার্সা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাকিতিচ জানালেন, এবার বার্সাও হবে ভয়ংকর। ছবি: রয়টার্স
রাকিতিচ জানালেন, এবার বার্সাও হবে ভয়ংকর। ছবি: রয়টার্স

২০১৩-১৪ মৌসুমটা বড্ড বাজে কেটেছে বার্সেলোনার। স্প্যানিশ সুপার কাপ বাদে বড় কোনো শিরোপা আসেনি কাতালানদের ঘরে। নতুন মৌসুমে নতুন কিছু করার প্রত্যয়ে বার্সায় এসেছে নতুন কোচ। এসেছে নতুন কয়েক সেনানী। এর মধ্যে ইভান রাকিতিচ আছেন বেশ আলোচনায়। দুই কোটি ইউরোতে বার্সায় আসা ক্রোয়াট মিডফিল্ডারের প্রত্যাশা, নতুন মৌসুমে বার্সা হবে রিয়ালের মতোই ভয়ংকর!
তবে রিয়াল আরও শক্তিশালী হতে নিজেদের ডেরায় ভিড়েয়েছে হামেস রদ্রিগেজ ও টনি ক্রুসের মতো বিশ্বকাপ মাতানো তারকাকে। রিয়ালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে রাকিতিচ বললেন, ‘সবাইকে সম্মান করি, এমনকি রিয়ালকেও। তবে বার্সাকে নিয়েই কথা বলতে আগ্রহী। লিগের প্রতিটি দলের মতো আমরাও নিজেদের জন্য পরিশ্রম করেছি। আমরা ভয়ংকর হতে ও ভালো খেলতে সক্ষম।’
১৯ আগস্ট অনুষ্ঠেয় স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে মাঠে নামবে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। গত মৌসুমের লিগ বিজয়ী ও কোপা ডেল রে বিজয়ী মুখোমুখি হয় এই প্রতিযোগিতায়। গত মৌসুমে দুটির কোনোটিতেই জিততে পারেনি বলে বার্সা এবার দর্শক। এ মৌসুমে আর ‘দর্শক’ হতে চায় না বার্সা। ২৬ বছর বয়সী বার্সা তারকা বললেন, ‘প্রতিদিন আমরা এর জন্য খাটছি। বড় দুটি দলের (বার্সা-রিয়াল) এমন প্রতিদ্বন্দ্বিতা থাকা খুব স্বাভাবিক। তবে আমরা কেবল আমাদের নিজেদের নিয়েই ভাবছি। আমরা বিশ্বসেরাই আছি।’ ২৪ আগস্ট ঘরের মাঠে এলচের বিপক্ষে শুরু হবে লুইস এনরিকের দলের লা লিগা মিশন। তথ্যসূত্র: গোলডটকম।