রিয়ালের ‘মিশন এমবাপ্পে’ নিয়ে খোঁচা পিকের
সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান দলবদলে শেষ কয়েক দিনে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আলোচনাই হয়েছে সবচেয়ে বেশি। অনেকে ধরেই নিয়েছিলেন, রিয়াল মাদ্রিদ হতে যাচ্ছে তাঁর পরবর্তী ঠিকানা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ রিয়ালে এমবাপ্পে কত নম্বর জার্সি পেতে পারেন, তা নিয়ে ভোটাভুটিও শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, রিয়ালের ভাগ্যে এমবাপ্পে-শিকে ছেঁড়েনি। এত হইহুল্লোড় করেও রিয়াল এমবাপ্পেকে নিয়ে আসতে না পারায় এখন ঠাট্টা-মশকরার পাত্র হওয়াই স্বাভাবিক।
অন্তত প্রতিপক্ষ হিসেবে জেরার্ড পিকের মতো কেউ থাকলে তো কথাই নেই, কথার তির ধেয়ে আসবেই!
রিয়ালকে নিয়ে সমালোচনা কিংবা খোঁচা মারার সুযোগ পেলে পিকে মুখ ঘুরিয়ে থেকেছেন খুব কমই। ঠোঁটকাটার মতো মুখের ওপর বলে দিয়েছেন। এবার যেমন রিয়াল এমবাপ্পেকে কিনতে ব্যর্থ হওয়ার পর মার্কার সেই ভোটাভুটি নিয়ে খোঁচা মারলেন বার্সেলোনার এই ডিফেন্ডার। এমবাপ্পেকে কিনতে এবার তিন দফা দাম হেঁকেছে রিয়াল—পিএসজি ১৬ কোটি ইউরোয় রাজি না হওয়ায় ১৮ কোটি ইউরো এবং তারপর ২০ কোটি ইউরো।
ফরাসি ক্লাবটি তবু রিয়ালের অর্থের দিকে তাকায়নি। যদিও এ মৌসুম শেষেই ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেওয়ার সুযোগ থাকছে এমবাপ্পের। ফরাসি ফুটবলের ‘পোস্টার বয়’ নিজেও রিয়ালে যেতে আগ্রহী। কিন্তু পিএসজি অনড় থাকায় রিয়াল এবার দুয়ে দুয়ে চার মেলাতে পারেনি।
যদিও দলবদলের বাজারে শেষ দিনে এসে তা নিশ্চিত হওয়ার আগে পরিস্থিতি এমন ছিল না। এমবাপ্পে রিয়ালে যাচ্ছেন এ নিয়ে গুঞ্জন চলেছে টানা কয়েক দিন। খবর এসেছে, পিএসজির চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব নাকচ করেছেন এমবাপ্পে, অনুশীলনে এসে ক্লাব সতীর্থদের ইচ্ছার কথা জানিয়েছেন, তার আগে ক্লাব ছাড়তে নাকি বৈঠকও করেছেন পিএসজির কর্মকর্তাদের সঙ্গে।
ওদিকে রিয়ালের প্রস্তাব পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেছে পিএসজি। পরিস্থিতি যখন এমন—গত শুক্রবার—মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম ‘মার্কা’ একটি ভোটাভুটির আয়োজন করে। সেখানে পাঠকদের প্রতি প্রশ্ন করা হয়েছিল—এমবাপ্পে রিয়ালে এলে কত নম্বর জার্সি পেতে পারেন?
১৯, ৫ ও ২৩—এই তিনটি জার্সি নম্বর ভোটাভুটির প্যানেলে রাখে মার্কা। ১৯ নম্বর জার্সি পরতেন রিয়াল রাইটব্যাক আলভারো ওদ্রিওসোলা। এই দলবদলেই ধারে যোগ গেছেন ফিওরেন্তিনায়। ৫ নম্বর জার্সি পরতেন রিয়াল কিংবদন্তি এবং ক্লাবটির সাবেক কোচ জিনেদিন জিদান। ২৩ নম্বর জার্সিটি বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান ও লেব্রন জেমসের জন্য ‘আইকনিক’, এ ছাড়া ডেভিড বেকহামও এই জার্সি পরেছেন রিয়ালে।
এমনকি এডেন হ্যাজার্ডের ৭ নম্বর কিংবা লুক মদরিচের ১০ নম্বর জার্সি পরবেন কি না এমবাপ্পে—সেটা নিয়েও ভোট দেওয়ার সুযোগ রাখে সংবাদমাধ্যমটি। শেষ পর্যন্ত ১৯ নম্বর জার্সি ভোটে জয়যুক্ত হয়। ভোটদাতার সংখ্যা ৪০ হাজারের বেশি।
মার্কা এমন ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ পরিস্থিতি তৈরি করলেও রিয়াল জয়যুক্ত হতে পারেনি। কিনতে পারেনি এমবাপ্পেকে। পিকে তাই খোঁচা মারার সুযোগটা নেন। কাল তাঁর টুইট, ‘এল ৭’। মজাটা হলো, পিকে বোঝাতে চেয়েছেন এই মৌসুমে এমবাপ্পে অবশ্যই ৭ নম্বর জার্সি পরছেন, কারণ পিএসজিতে এই জার্সি পরেই খেলেন। রিয়ালে যেহেতু যাচ্ছেন না, সেহেতু পিএসজির ওই জার্সিতেই মাঠে দেখা যাবে ফরাসি তারকাকে।
পিকের এই টুইট ২৪ হাজারের বেশি রি-টুইট হওয়ার পাশাপাশি ১০ হাজারের বেশি মন্তব্য এবং লাইকসংখ্যা প্রায় দেড় লাখের মতো। তবে অনেকে কিন্তু পিকেকে মোক্ষম জবাবও দিয়েছেন এই টুইটে। বার্সা এ মৌসুমে লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি। দলবদলের শেষ দিনে চলে গেছেন আঁতোয়ান গ্রিজমানও। আর্থিক অবস্থাও ভালো নয় ক্লাবটির। পিকেকে অনেকেই বার্সার এই সঙিন পরিস্থিতির কথা মনে করিয়ে দেন টুইটারে।