রিয়ালের মেস্তায়া-দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মৌসুম আগে এই মাঠেই থেমেছিল কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের ২২ ম্যাচের জয়যাত্রা। গত মৌসুমে এখানে ড্র ম্যাচটি ছিল রিয়ালে বেনিতেজের শেষ! এবার জিনেদিন জিদানও পস্তালেন মেস্তায়ায়। পরশু ভ্যালেন্সিয়ার মাঠটি থেকে ২-১ গোলে হেরে ফিরেছে রিয়াল।

রোনালদোদের চেষ্টার কোনো কমতি ছিল না। তবু হারের কারণটা জিদানই বললেন ম্যাচ শেষে, ‘শুরুর ১০ মিনিটে হেরেছি আমরা। অনেক জায়গা দিয়েছি ওদের, বলে টাচও ছিল জঘন্য।’ আসলেই তা-ই, সিমোন জাজার দুর্দান্ত শটের পর ফাবিয়ান ওরেয়ানার নিখুঁত ফিনিশিংয়ে ১০ মিনিটেই গোল দুটি করে ভ্যালেন্সিয়া। ৪৪ মিনিটে দুর্দান্ত হেডে রিয়ালের গোলটি করেন রোনালদো। 

এই হারের পরও ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল, দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে এগিয়ে আছে ১ পয়েন্টে। মার্কা, বিবিসি।