
ডাগ-আউটে অ্যালেক্স ফার্গুসন থাকলে হয়তো ম্যাচটা হারত না ম্যানচেস্টার ইউনাইটেড! ৮২ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে পিছিয়ে যাওয়ার পরও তো কাল প্রায় ১০ মিনিটেরও বেশি সময় পেয়েছিল ইউনাইটেড। ফার্গুসন থাকলে কি কাল এভাবে সান্ডারল্যান্ডের মাঠ থেকে ২-১ গোলে তারা হেরে ফেরে?
কী হতো না হতো বলা সম্ভব নয়। ফার্গুসন নেই, এটা লুই ফন গালের ইউনাইটেড। এই ইউনাইটেড বরং ম্যাচের শেষ দিকে গোল হজম করে বেশি। রেকর্ড তা-ই বলে। নতুন বছরে এ নিয়ে চারটি ম্যাচে জিততে পারেনি রেড ডেভিলরা (দুটি হার, দুটি ড্র), চারটিতেই ৮০ মিনিটের পরে গোল খেয়েছে।
বক্সে ভেসে আসা বল ধরতে গিয়ে অ্যান্থনি মার্শিয়ালের সঙ্গে ধাক্কা লাগে ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গেয়ার। ওই বল স্প্যানিশ গোলরক্ষকের পিঠে লেগে জড়িয়ে যায় জালে। এই গোলেই নিশ্চিত হলো ১৯৯৭ সালের পর সান্ডারল্যান্ডের মাঠে ইউনাইটেডের প্রথম হার। অবশ্য কাল ইউনাইটেড শুরুও করেছে ধাক্কা খেয়ে। তিন মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে সান্ডারল্যান্ডকে এগিয়ে দেন ওয়াহবি খাজরি। ৩৯ মিনিটে সমতায় আনেন মার্শিয়াল। বিরতির পরও ম্যাচে ছিল সান্ডারল্যান্ডেরই প্রাধান্য। যার ফল তারা পায় ৮২ মিনিটের ওই গোলে। এই হারে সেরা চারে থাকার দৌড়ে পিছিয়েই পড়ল ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলেও পয়েন্ট তালিকার চারে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রুনিরা।
অন্যদিকে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ৪-২ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, হামেস রদ্রিগেজ করেছেন একটি গোল। তবে রাতের চমক হয়ে এসেছিল টনি ক্রুসের গোলটি। প্রায় ১৫ মাস পরে গোল পেয়েছেন এই জার্মান মিডফিল্ডার। জিদানের কোচিংয়ে বার্নাব্যুতে টানা চার ম্যাচ জিতল রোনালদোরা। এই জয়ে রিয়াল উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ইএসপিএন।