রিয়ালের রেকর্ড, রোনালদোর কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করেই ‘চার শ’র বিতর্কের ইতি টানলেন রোনালদো l এএফপি
সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করেই ‘চার শ’র বিতর্কের ইতি টানলেন রোনালদো l এএফপি

রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার দাবি, ৪০০ গোল আগেই হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে হ্যাটট্রিক করেই সেই মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ উইঙ্গার। কিন্তু লা লিগা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী একটা গোল তখনো বাকি ছিল রোনালদোর। এই টানাপোড়েন বোধ হয় ভালো লাগছিল না রোনালদোর। একটি নয়, দুটি গোল করলেন পরশু সেভিয়ার বিপক্ষে। এখন আর কোনো সন্দেহ নেই তাঁর ৪০০ গোল নিয়ে!
যে গোলটি নিয়ে বিতর্ক সেটি ২০১০-১১ মৌসুমে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। রোনালদোর ফ্রিকিক পেপের গায়ে লেগে ঢুকেছিল সোসিয়েদাদের জালে। লা লিগায় মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কার পিচিচি ট্রফি যারা দেয়, সেই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ওই গোলটা দিয়েছিল রোনালদোর নামেই। কিন্তু লা লিগা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গোলটা রেখেছে পেপের নামে। সেই থেকেই চলে আসে এই বিতর্ক।
রোনালদোর আনুষ্ঠানিক ৪০০ ছোঁয়ার দিনে একটা দারুণ কীর্তি গড়েছে রিয়াল মাদ্রিদও। সব ধরনের টুর্নামেন্টে এ নিয়ে টানা ৬২ ম্যাচে গোল করল রিয়াল। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে এত দিন টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড ছিল বায়ার্ন মিউনিখের। ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুম মিলিয়ে টানা ৬১ ম্যাচে গোল করেছিল জার্মান চ্যাম্পিয়নরা।
গত বছর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল রিয়ালের এই গোল উৎসব। এরপর টানা ৬২ ম্যাচে জিনেদিন জিদানের দল করেছে ১৭১ গোল। গোল করেছে পাঁচটি ভিন্ন প্রতিযোগিতায়—লা লিগা (১০৬), চ্যাম্পিয়নস লিগ (৩৪), কোপা ডেল রে (২২), ক্লাব বিশ্বকাপ (৬) ও উয়েফা সুপার কাপ (৩)।
এ সময় রিয়ালের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন কে? অনুমিতভাবেই নামটা—ক্রিস্টিয়ানো রোনালদো (৪১)। কিন্তু তাঁর পরে কারা আছেন? আলভারো মোরাতা (২০) ও করিম বেনজেমা (১৮)। সব মিলিয়ে এই ৬২ ম্যাচে রিয়ালের হয়ে গোল করেছেন মোট ২০ জন!