রিয়ালের শুধু তারকা আছে, দল নেই

রিয়াল মাদ্রিদের এই মৌসুমের পারফরম্যান্সকে এক শব্দে বলা যায় ‘অধারাবাহিক’। আর একটু ব্যাখ্যা করে বললে, রিয়ালের সঙ্গে একেবারেই বেমানান। এত এত বিশ্বসেরা খেলোয়াড় দলে, অথচ রিয়াল কি না লিগে আছে তিন নম্বরে। শীর্ষে থাকা দুই দলের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে। কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গেও তারকা খেলোয়াড়দের বিবাদের গুঞ্জন শোনা যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে বড় অনুজ্জ্বল লাগছে গ্যালাকটিকোদের।
এর কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক কারণই উঠে আসবে। কোচের কৌশলের ভুল, ক্রিস্টিয়ানো রোনালদোর ফর্মের উত্থান-পতন, গ্যারেথ বেলের বেশির ভাগ ম্যাচে প্রায় অদৃশ্য হয়ে থাকা - এক নিশ্বাসে অনেকগুলো কারণই বলা যাবে। তবে আরিগো সাচ্চি এক নিশ্বাসে কথা বলার লোক নন। অনেক ভেবে চিন্তেই রিয়ালের এই অধারাবাহিকতার কারণ বের করে এনেছেন এই ইতালিয়ান কোচ। আশির দশকে এসি মিলানকে টানা দুবার ইউরোপ-সেরা করা এই কোচ রিয়ালের এই বাজে সময়ের কারণ হিসেবে তুলে আনছেন ক্লাবটির নীতিকেই। দলের চেয়ে তারকাখ্যাতির মূল্য বেশি দিতে গিয়েই বেনিতেজের রিয়াল এখনো একটা দল হয়ে উঠতে পারেনি বলে মনে করেন তিনি।
একটা সফল দল হওয়ার মূল উপকরণ কী হতে পারে, সেটি বেশ ভালোই জানা আছে সাচ্চির। তাঁর এসি মিলানই ইউরোপে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়া সর্বশেষ দল। আর তাঁর দলের মূল শক্তিও ছিল দলীয় সমন্বয়। তাই তাঁর আতশ কাচের নিচে যে ‘দলীয় সমন্বয়ে’র বিষয়টিই সবচেয়ে বড় করে উঠে আসবে সেটি তো স্বাভাবিকই। সাচ্চি রিয়ালের সমস্যা খুঁজে পাচ্ছেন এখানেই।
২০০৪-০৫ সময়টাতে রিয়ালের ফুটবল পরিচালক ছিলেন। রিয়ালের ভেতরকার খুঁটিনাটিও খুব ভালোভাবেই জানা তাঁর। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, দায়িত্ব নেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও ক্লাবের নীতির সঙ্গে মানিয়ে নিতে না পারায় এখনো রিয়ালকে একটা দল হিসেবে গড়ে তুলতে পারেননি রাফায়েল বেনিতেজ, পারেননি সমর্থকদের ও পেরেজের মন জয় করারও গুরুত্বপূর্ণ কাজটি করতে।
ইতালির দৈনিক গ্যাজেত্তা দেল্লো স্পোর্তকে সাচ্চি বললেন, ‘বেনিতেজ এখনো ক্লাবের সমর্থক বা সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে মানিয়ে নিতে পারেনি।’ তবে এ ব্যাপারে বেনিতেজের প্রতি তাঁর সমবেদনাই ফুটে উঠল। রোনালদো-বেলদের মতো তারকাদের নামের কাছে দলের সমন্বয় এখানে দ্বিতীয় পছন্দ জানিয়ে সাচ্চি বললেন, ‘ওরা (রিয়াল) খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতার ওপর অনেক বেশি নির্ভরশীল। কোচ তাই দলের এই গুরুত্বের ক্রমে কোনো ছেদ না ঘটিয়ে যা আছে তার সর্বোচ্চ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।’ তথ্যসূত্র: গোলডটকম।