রিয়ালের সঙ্গে চুক্তি করে রেখেছেন নেইমার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই জার্সিতে মাত্র দুই বছর দেখা যাবে নেইমারকে? ছবি: রয়টার্স
এই জার্সিতে মাত্র দুই বছর দেখা যাবে নেইমারকে? ছবি: রয়টার্স

নেইমার জুনিয়র বিশ্ব রেকর্ড গড়েছেন কত দিন হলো? মাত্র চার মাস। পিএসজিতে এসে মাঠে জাদু দেখাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু এমন জাদুও গুঞ্জন চাপা দিতে পারছে না। পিএসজি ছেড়ে ঠিকই একদিন রিয়াল মাদ্রিদে যাবেন নেইমার, এমন কথা নতুন করে আলোচনায় ওঠে প্রতি সপ্তাহেই। তবে আজ ডন বালোন অবশ্য এর চেয়ে বড় চমক উপহার দিল। নেইমার নাকি ফ্লোরেন্তিনো পেরেজকে রিয়ালে যাওয়ার ব্যাপারে সায় দিয়ে রেখেছেন!

চমকে যাওয়ার মতো খবরই বটে। এই না সেদিন রিয়ালে যাবেন কি না, এমন প্রশ্নে ক্ষেপে গেলেন নেইমার! তবে কি সবই নাটক? সূত্র ডন বালোন বলেই অতটা গুরুত্ব না দিলেও চলছে। তবে এই সংবাদমাধ্যমের দাবি, পেরেজকে নেইমার বলে রেখেছেন তাঁকে রিয়ালে দেখার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব, তবে সেটা ২০১৯ সালে।
২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকলেও জোর গুঞ্জন আছে ক্রিস্টিয়ানো রোনালদো ‘লস ব্লাঙ্কো’দের তাঁবু থেকে ২০১৯-২০ মৌসুমেই বেরিয়ে যাবেন। আর তখনই রিয়ালে যোগ দেবেন নেইমার। রোনালদোর ছেড়ে যাওয়া রাজত্বের অধিপতি হবেন তিনি। তবে এ ব্যাপারে পেরেজ একটা শর্ত জুড়ে দিয়েছেন। নেইমারকে দলে টানতে পিএসজির ওপর কোনো চাপ সৃষ্টি করবেন না পেরেজ। নেইমারকেই নিজের ইচ্ছের কথা জানাতে হবে। এ কথাটা নেইমার সিনিয়রকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন পেরেজ। কারণ পেট্রো ডলারের সুবাদে মহাশক্তিশালী হয়ে ওঠা পিএসজির সঙ্গে অর্থের লড়াইয়ে নামা কিংবা সম্পর্ক খারাপ করার ইচ্ছা নেই রিয়ালের।
নেইমারের দলবদলের নাটক তাহলে চলছেই! সূত্র: গোল, ডন বালোন।