রিয়ালের সর্বনাশ করেছেন জিদানই!

জিনেদিন জিদানের স্বর্গ পতন হতে সময় লাগল খুবই কম। হঠাৎ করেই ছন্দ হারিয়ে ধুঁকছে গত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা দলটি। লিগে অবস্থা একেবারেই বাজে। সর্বশেষ ম্যাচেও জিততে হয়েছে পেনাল্টি থেকে পাওয়া গোলে। আর এর পেছনে বড় কারণ হিসেবে ফুটবল বিশ্লেষকেরা দেখছেন একটা বাজিতে জিদানের চরমভাবে হেরে যাওয়াকেই।
মৌসুমের মাঝামাঝি পর্যায়ে এসে মনে হচ্ছে ভবিষ্যৎটা ঠিক মেপে নিতে পারেননি জিজু। গত দলবদলে গোটা ছয়েক খেলোয়াড় রিয়াল ছেড়েছেন। আলভারো মোরাতা ও দানিলো ইংল্যান্ডে এসেছেন। মারিয়ানো ডিয়াজ পাড়ি জমিয়েছেন ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে। কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ ধারে খেলছেন বায়ার্ন মিউনিখের হয়ে।
দুই পর্তুগিজ পেপে ও কোয়েন্ত্রাও খেলছেন যথাক্রমে বেসিকতাস ও স্পোর্টিং লিসবনে। রিয়াল ছাড়ার পর এই খেলোয়াড়দের মোট গোলের সংখ্যা ২৩। যা কিনা ‘বিবিসি’ অর্থাৎ বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানোর চেয়ে চার বেশি!
আরেকটু গভীরে যাওয়া যাক। দুই উইংব্যাক মার্সেলো ও কারভাহালের ইনজুরি ও লাল কার্ড সমস্যায় আক্রমণে ধার হারিয়েছে রিয়াল। রক্ষণেও বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছে। যেখানে দানিলো দলে থাকলে বিপর্যয় কিছুটা হলেও সামলে নেওয়া যেত। সেন্টার ব্যাক রাফায়েল ভারান ইনজুরি আক্রান্ত হওয়ার পর পেপের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে লস ব্লাঙ্কোরা। থিও হার্নান্দেজ, কিংবা তরুণ আখরাফকে দিয়ে কাজ চালানোর চেষ্টা পুরোপুরি ব্যর্থ।
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে কোভাচিচের ধারালো ফর্ম দেখে আশান্বিত হয়েছিলেন মাদ্রিদিস্তারা। কাসেমিরো, টনি ক্রুস ও লুকা মডরিচের ওপরই ভরসা করেন জিদান। কিন্তু ম্যাচ সংখ্যা হিসেবে এই তিনজনের অন্তত দুজন বিকল্প থাকা উচিত ছিল। মৌসুমের শুরুতে চোট পাওয়ায় এখনো ছন্দে ফেরেননি কোভাচিচ। কাসেমিরো ও ক্রুসের ফর্মহীনতার পর মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় নেই জিদানের।
অল হোয়াইটদের প্রধান সমস্যা ফরোয়ার্ডে। দুই মৌসুম ধরে সেরা ফর্মে না থাকা বেনজেমাকে ধরে রেখে মোরাতাকে ছেড়ে দেওয়ার মতো ‘বোকামি’ কেন করলেন জিদান—এ প্রশ্ন প্রথম থেকেই শোনা যাচ্ছে। ৯ গোল আর ৪টি গোল করিয়ে চেলসি সমর্থদের নয়নমণি হয়েছেন মোরাতা, আর মাদ্রিদ সমর্থকেরা আক্ষেপে কপাল চাপড়েছে। মারিয়ানো, যাঁকে আগামী দিনের প্রধান ফরোয়ার্ড ভেবেছিলেন অনেকেই, তিনিও আস্থার প্রতিদান দিচ্ছেন। লিওঁর হয়ে জুটি বেঁধেছেন নাবিল ফেকিরের সঙ্গে, মৌসুমে এর মধ্যেই করেছেন ১১ গোল ও দুই অ্যাসিস্ট।
ওদিকে ইসকোকে খেলার জায়গা দিতে হামেসকে ছেড়ে দেওয়ায় গুরুত্বপূর্ণ গোল পাওয়া থেকে বঞ্চিত হয়েছে রিয়াল। ইসকো খেলা তৈরি করেন, কিন্তু হামেস এর পাশাপাশি গোলও করেন। মারিয়ানো, মোরাতার অনুপস্থিতিতে একজন সহজাত গোলদাতাকে দলে রাখাটা ভীষণ প্রয়োজন ছিল।
পাশাপাশি পেপের অনুপস্থিতিতে ডেড বল থেকে হেডে গোল এনে দেওয়া গোলদাতা কমেছে। গত মৌসুমে নিয়মিত বাতাসে ভাসা বলে গোল বের করে নেওয়া দলটি এই মৌসুমে হেডে গোল পেয়েছে মাত্র দুটি।
সব মিলিয়ে মূল একাদশের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে দলে। ফর্মহীনতা, ইনজুরি বা কার্ড সমস্যা সমাধানে বিকল্প জায়গা থেকে গত মৌসুমে একের পর এক খেলোয়াড় মূল একাদশে চলে এসেছিল। হায়, এবার জিদান যে নিজেই সে দরজা সশব্দে বন্ধ করেছেন!