রিয়ালের হারে হতবুদ্ধি বেনিতেজ

পেপে জানেন না কেন রিয়াল মাদ্রিদের এ অবস্থা হলো, জানেন না রাফায়েল বেনিতেজও! ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বললেন, ‘আমি জানি না কেন আমাদের শুরুটা এমন হলো! এটা নিয়ে আলোচনা করতে হবে নিজেদের মধ্যে।’
পেপে না-ও জানতে পারেন, কোচ বেনিতেজের কাছে তো একটা জবাব থাকবে। কিন্তু ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলের হারের কারণ খুঁজতে গিয়ে রিয়াল কোচকেও মনে হলো হতবুদ্ধি, ‘এটার ব্যাখ্যা দেওয়া খুব কঠিন। যেখানে আমরা দ্বিতীয়ার্ধটা এত ভালো খেললাম, প্রথমার্ধে কেন সেটা পারলাম না, এটা বিশ্লেষণ করতে হবে।’
ম্যাচটা অবশ্য রিয়াল মাদ্রিদ হেরেছে প্রথমার্ধের ৮ মিনিটেই রবার্তো সলদাদোর করা একমাত্র গোলে। অথচ আগের দিন বার্সেলোনা দেপোর্তিভোর সঙ্গে ২-২ ড্র করায় পরশু রিয়ালের সামনে সুযোগ ছিল লা লিগার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ২-এ নামিয়ে আনার। বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারের পর সব ধরনের প্রতিযোগিতায় টানা ৫ ম্যাচ জিতে সেই আশাও জাগিয়েছিল রিয়াল।

কিন্তু পরশু আর হলো না। উল্টো বার্সার সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়াল ৫ পয়েন্টে! এদিকে রিয়ালের হারের রাতেই অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে যুগ্মভাবে লা লিগার শীর্ষে উঠে গেছে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো।
মহার্ঘ এ সুযোগটি হারিয়ে ফেলায় বেনিতেজের আক্ষেপটা যেন আরও বেশি, ‘আমরা খুব ভালো করেই জানি লিগ জিততে হলে আমাদের অনেক ম্যাচ জিততে হবে। এ ধরনের ম্যাচ, যেখানে আমরা আগেই একটা অনুকূল পরিস্থিতিও পেয়েছিলাম, সেখানেই তো বেশি করে প্রমাণ করার কথা যে আমরা লিগ শিরোপা জিততে চাই।’
সেটার প্রমাণ না দিতে পারার জন্য স্ট্রাইকারদের ব্যর্থতাকেই দায়ী করতে পারেন বেনিতেজ। পুরো ম্যাচে শট ২০টি, অথচ তার মধ্যে গোলপোস্টমুখী শট মাত্র ১টি! সর্বশেষ ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে মালমোকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়া রোনালদো-বেনজেমারা বোধ হয় কাল শুটিং বুটটা পরতে ভুলে গিয়েছিলেন!
এই হার রিয়ালের শিরোপার লড়াইটা কঠিন তো করে তুলেছেই, সবচেয়ে বেশি প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে রাফায়েল বেনিতেজকেই। ১৫ ম্যাচে ৯ জয় আর ৩টি করে ড্র ও হারে রিয়ালের ৩০ পয়েন্ট। পরিসংখ্যান বলছে, ২০০৮-০৯ সালের পর লিগে এর চেয়ে বাজে শুরু আর হয়নি রিয়ালের। সেবার প্রথম ১৫ ম্যাচে জিতেছিল ৮ জয় ও ২ ড্রয়ের পাশে হেরেছিল ৫ ম্যাচে। এখানে সম্পূরক তথ্য হচ্ছে, ওই মৌসুমে এমন বাজে শুরুর পর ২০০৮ সালের ডিসেম্বরেই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছিল তখনকার রিয়াল কোচ বার্নড শুস্টারকে।
বেনিতেজের দুশ্চিন্তার কারণ আছে বৈকি! এএফপি, মার্কা।