রিয়ালের ৫০-৫০ ম্যাচ!

কাগজ-কলম বলছে দুটি দলের মধ্যে দুস্তর ব্যবধান। রিয়াল মাদ্রিদ যেখানে ইউরোপের সফলতম দল, লেগিয়া ওয়ারশ তাদের ইতিহাসে মাত্র একবারই উঠেছে সেমিফাইনালে। অথচ সেই ম্যাচটিকেই জিনেদিন জিদান বলছেন ‘৫০-৫০’!
ম্যাচের আগে কোনো কোচ অবশ্য প্রতিপক্ষকে হালকাভাবে নেন না, সেটি জানা কথা। তবে জিদানের সতর্কতার আরেকটি কারণও আছে। গত কিছুদিনে যে হোঁচট খাওয়াটা রিয়ালের অভ্যাস হয়ে গিয়েছিল। টানা চার ম্যাচ ড্র করার পর এই সপ্তাহে বেটিসকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। লেগিয়ার সঙ্গে নিজেদের মাঠে সে রকম কোনো স্কোরলাইন হলে অবাক হওয়ার হওয়ার কিছু থাকবে না।
ওয়ারশর সাম্প্রতিক ফর্মও সে কথাই বলছে। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে তারা ৮ গোল হজম করেছে। জিদান তাই যতই বলুন, ‘আমি দুই দলকেই একই সমতলে রাখছি’—রিয়াল সমর্থকেরা নিশ্চয় সেটি বিশ্বাস করতে চাইবেন না!
সেই হিসেবে স্পোর্টিং সিপি আর ডর্টমুন্ডের ম্যাচটাও জমজমাট হওয়ার কথা। এই মৌসুমে ডর্টমুন্ডের ম্যাচ মানেই রোমাঞ্চ, রিয়াল মাদ্রিদের সঙ্গে আগের ম্যাচটাই ড্র হয়েছে ২-২ গোলে। স্পোর্টিংও রিয়ালের সঙ্গে জিততে জিততে হেরে গেছে। জার্মান প্রতিপক্ষের সঙ্গে নিজেদের মাঠে রেকর্ডটা ভালো নয়, ১২ ম্যাচ খেলে মাত্র দুটি জিততে পেরেছে। আজও কি সেই কীর্তির পুনবাবৃত্তি হবে?
তবে আরেক জার্মান দল লেভারকুসেনের সামনে আজ কঠিন পরীক্ষাই। নিজেদের ফর্মটা খুব ভালো যাচ্ছে না, বুন্দেসলিগায় তারা শীর্ষ দশের বাইরে। চ্যাম্পিয়নস লিগেও প্রথম দুই ম্যাচ ড্র করেছে। প্রতিপক্ষ টটেনহাম ইংলিশ লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। চ্যাম্পিয়নস লিগে টটেনহামের শুরুটাও ভালো হয়নি, প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল মোনাকোর কাছে। পরের ম্যাচেই অবশ্য সিএসকেকে হারিয়েছে স্পারসরা। আজ সেই ধারাটা নিশ্চয়ই বজায় রাখতে চাইবে।
টটেনহামের মতো প্রথম ম্যাচে হোঁচটের পর ঘুরে দাঁড়িয়েছে জুভেন্টাসও। প্রথম ম্যাচে সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ডায়নামো জাগরেবকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। আজ তাদের প্রতিপক্ষ ফ্রেঞ্চ ক্লাব লিঁও, ইউরোপে দুই দলের সর্বশেষ দেখা দুই মৌসুম আগে। সেবার দুই লেগেই জিতেছিল জুভেন্টাস।
লেস্টার সিটির ক্ষেত্রে ঘটনা আবার অন্য রকম। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা লিগে হোঁচট খেয়েই যাচ্ছে, এর মধ্যেই হেরে গেছে চার ম্যাচে। কিন্তু ইউরোপে ফর্মটা ঠিক তার বিপরীত, প্রথম দুই ম্যাচেই পেয়েছে দারুণ জয়। আজ তাদের প্রতিপক্ষ ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন সব প্রতিযোগিতা মিলে সর্বশেষ ২৩ ম্যাচ অপরাজিত। লেস্টার কোচ রানিয়েরিও হয়তো বুঝতে পেরেছেন, এবার ঘরোয়া লিগের চেয়ে ইউরোপেই বেশি মনোযোগ দেওয়া উচিত। এই সপ্তাহে তাই বিশ্রাম দিয়েছিলেন তুরুপের তাস রিয়াদ মাহরেজকে। ফাটকাটা কি আজ কাজে দেবে? এএফপি, রয়টার্স।
আজ মুখোমুখি
লেভারকুসেন - টটেনহাম
রিয়াল মাদ্রিদ - লেগিয়া ওয়ারশ
সিএসকেএ - মোনাকো
স্পোর্টিং - ডর্টমুন্ড
ক্লাব ব্রুগে - পোর্তো
লেস্টার - কোপেনহেগেন
জাগরেব - সেভিয়া
লিঁও - জুভেন্টাস
* স্বাগতিক দল আগে
রোনালদোর ১০০
আর মাত্র ২ গোল দরকার। তাহলেই ইউরোপিয়ান ফুটবলে গোলের সেঞ্চুরি হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর। লেগিয়া ওয়ারশর সঙ্গে
বিপক্ষে সেটি এসে যেতেই পারে। প্রথম দুই ম্যাচে যে পোল্যান্ডের ক্লাবটি
খেয়েছে ৮ গোল!
আকিনফিভের অপেক্ষা
১০ বছরের অপেক্ষা কি ঘুচবে সিএসকেএ মস্কোর গোলরক্ষকের? চ্যাম্পিয়নস লিগে গোলপোস্ট অরক্ষিত রেখে একবারও মাঠ ছাড়তে পারেননি এই সময়ে।
কোপেনহেগেনের কীর্তি
চ্যাম্পিয়নস লিগের দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে অপরাজিত থাকার কীর্তিটা ডেনিশ চ্যাম্পিয়ন এফসি কোপেনহেগেনের। চমকই। ২৩ ম্যাচ ধরে অপরাজিত ডেনমার্কের চ্যাম্পিয়নরা, সর্বশেষ হার গত মে মাসে। আজ সেই গৌরব ভেস্তে দেবে প্রথম দুই ম্যাচজয়ী ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটি?
জার্মান-শঙ্কা
জার্মান প্রতিপক্ষের সঙ্গে নিজেদের মাঠে সর্বশেষ ১২ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে পর্তুগালের স্পোর্টিং। পাঁচ হারের মধ্যে বায়ার্নের কাছে ৫-০ গোলের পরাজয়ও আছে। আজ জার্মানির ক্লাব ডর্টমুন্ডের সঙ্গে পরীক্ষাটা তাদের সহজ নয়। সূত্র: উয়েফাডটকম।