রিয়ালের 'দশে মিলে করি কাজ'

চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচটার স্মৃতি এখনো চোখে ভাসা কথা রিয়াল মাদ্রিদ সমর্থকদের। ভলফসবুর্গ বাধা পেরোতে তিন গোল দরকার ছিল, এক ক্রিস্টিয়ানো রোনালদোই রিয়ালকে টেনে নিয়ে গেলেন। হ্যাটট্রিক করে একাই সেদিন আলোকিত করে রেখেছিলেন সান্তিয়াগো বার্নাব্যু।
আজ লিগে গেটাফের বিপক্ষেও গোল পেয়েছেন রোনালদো। রিয়ালও পেয়েছে ৫-১ গোলের বড় জয়। তবে জয় ছাপিয়েও রিয়াল কোচ জিনেদিন জিদানকে যেটি বেশি তৃপ্তি দেবে, এবার আর শুধু একা পর্তুগিজ উইঙ্গারের ওপরই ভরসা করতে হয়নি রিয়ালকে। দলের জয়ে অবদান রেখেছেন সবাই-ই। দল হয়েই আজ গেটাফেকে হারিয়েছে রিয়াল।
সর্বশেষ পাঁচ ম্যাচে ২১ গোল। পরিসংখ্যান হিসেব করলে গেটাফে স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের ‘প্রিয়’ প্রতিপক্ষগুলোর একটি। আরও একবার সেটি প্রমাণ করল জিদানের দল। ‘বিবিসি’ ত্রয়ীর গোলে আরও একবার গেটাফের মাঠে গোল উৎসব করল রিয়াল।
বেশ আক্রমণাত্মক দলই আজ নামিয়েছিলেন জিদান। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা তো ছিলেনই, পেছনে থাকা মিডফিল্ডও কী আক্রমণাত্মক—টনি ক্রুসের সঙ্গে দুই অ্যাটাকিং মিডফিল্ডার ইসকো ও হামেস রদ্রিগেজ! আক্রমণকে মন্ত্র জপে নামা রিয়াল ফল পেল ২৯ মিনিটে। বাঁ প্রান্ত থেকে হামেসের ক্রস, তাতে আলতো পা ছুঁইয়ে গোল বেনজেমার। দ্বিতীয় গোলটি পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বেনজেমার সঙ্গে ওয়ান-টু খেলে বল জালে জড়িয়ে দিলেন দুর্দান্ত খেলতে থাকা ইসকো।
প্রথমার্ধে ওই দুই গোলই। কিন্তু রিয়াল ওখানেই সন্তুষ্ট থাকলে তো! বিরতি থেকে নামতে না নামতেই গ্যারেথ বেলের গোল। বেনজেমার কাছ থেকে বল পেয়ে ট্রেডমার্ক দৌড়, এরপর গোলকিপারকে পাশ কাটিয়ে বল পাঠিয়ে দিলেন জালে।
তিন গোল! জয়ও প্রায় নিশ্চিত। একটু যেন ঝিমিয়ে পড়ল রিয়াল। সেই সুযোগে গেটাফের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেছেন পাবলো সারাবিয়া। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটের ওই গোলটাই হয়ে থাকল এই গেটাফের সমর্থকদের একমাত্র আনন্দের উপলক্ষ।
একটু ঝিমিয়ে পড়া রিয়ালকে ওই গোলটি আরও জাগিয়ে দিল। এরপর হামেস আরও একটি গোল করেছেন। কিন্তু তাতেও রিয়ালের একটু অপূর্ণতা থেকে গেল কি? রিয়াল জিতছে, কিন্তু তাতে যে রোনালদোর গোল নেই। যোগ করা সময়ে অপূর্ণতাটা ঘুচিয়ে দিলেন পর্তুগিজ অধিনায়ক। হেসে রদ্রিগেজের পাস থেকে লিগে নিজের ৩১তম গোলটি করলেন। এই জয়ে পয়েন্ট তালিকায় একদিনের জন্য হলেও দুইয়ে উঠে এল রিয়াল। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে হয়েছে ১।
এত হেসে খেলে না হলেও ইংলিশ লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ঘরের মাঠে অ্যাস্টন ভিলার সঙ্গে রেড ডেভিলদের জয় ১-০ গোলে। গোল কে করেছে সেটি অনুমান করে নিতেই পারেন। ইদানীং ইউনাইটেডের ম্যাচে যে বেশ পরিচিত দৃশ্য এটি—মার্কাস রাশফোর্ডের গোল! ৩২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ১৮ বছর বয়সী ইউনাইটেড স্ট্রাইকার।
তবে জয়ের চেয়েও ইউনাইটেড কোচ লুই ফন গালের জন্য বেশি তৃপ্তির ব্যাপার, হাঁটুর চোট কাটিয়ে প্রায় দুই মাস পর মাঠে নেমেছেন ওয়েইন রুনি। গোল না পেলেও ৬৭ মিনিট নির্বিঘ্নে খেলেছেন ইংলিশ স্ট্রাইকার। সূত্র: ইএসপিএন।