রিয়ালের 'বিবিসি' খেলবেন না আজ

স্পোর্টিং গিজনের সঙ্গে আজকের ম্যাচে ‘বিবিসি’কে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেই ঊরুর মাংসপেশীতে চোট পেয়ে উঠে গিয়েছিলেন বেল। সে চোটের কারণেই গিজনের বিপক্ষে ম্যাচে থাকতে পারছেন না ওয়েলস উইঙ্গার। তবে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে বিশ্রামে রাখছেন কোচ জিনেদিন জিদান। বার্সেলানার বিপক্ষে বহু প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’ যে সামনেই! তার আগে আবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগও আছে।
শুক্রবার লা লিগা ম্যাচের জন্য দল নির্বাচন করে জিদান বলেছেন, ‘আমরা বেলকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। এটা নিশ্চিত যে শনিবারের ম্যাচে আমরা বেলকে পাচ্ছিনা। তবে ১৮ এপ্রিল বায়ার্নের বিপক্ষে ম্যাচ তার খেলার ব্যাপারটি পরে ভাবা যাবে। বেলের মাংসপেশীতে চোট আছে। এই জায়গায় তার আগেও সমস্যা হয়েছে।’
খুব দ্রুতই বেলকে একাদশে ফিরে পাওয়ার আশা জিদানের, ‘আমরা আশা করি, তাকে দ্রুতই ফিরে পাব। অবশ্যই আমি চিন্তিত, খেলোয়াড়দের চোটে পড়াটা ভালো ব্যাপার নয়; মৌসুমের শেষ দিকে তো নয়-ই।’
গিজনের বিপক্ষে ম্যাচে জিতলেই লিগ শিরোপার দৌড়ে অনেকটা পথই এগিয়ে যাবে রিয়াল। গিজন খুব শক্তিশালী দল হলেও ‘পঁচা শামুকে পা কাটা’র প্রবাদটি এসব ম্যাচেই যেন বেশি করে মনে পড়ে। জিদানের মনেও এমন শঙ্কা আছে, ‘জানি দলটা মৌসুমজুড়ে সমস্যার মধ্যে আছে। তবে ওরাও কিন্তু শীর্ষ পর্যায়ের দল। এমন দল যেকোনো সময় আমাদের ঝামেলায় ফেলতে পারে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা ভালো খেলে তিন পয়েন্ট তুলে নিতে চাই।’ সূত্র: ইএসপিএন।