রিয়ালের 'বিবিসি'র সুর, প্রথম হার বায়ার্নের

আগের সপ্তাহেই বার্সেলোনার ত্রয়ী গোল করেছিলেন। পরের পর্বে তারই জবাব দিলেন রিয়ালের ত্রয়ী। গোল পেয়েছেন ‘বিবিসি’র সবাই। এই তিন তারকার নৈপুন্যে গেটাফেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
জয়টা এসেছে বড় প্রয়োজনের সময়ে। সময়টা যে ভালো যাচ্ছিল না রিয়ালের। ‘এল ক্লাসিকোতে’ বার্সার কাছে হারের ক্ষতে নুনের ছিটা পড়েছে কাদিজ-ঘটনায় কোপা দেল রে থেকে বাদ পড়ে। আজকের ম্যাচটিতে তাই খানিকটা হলেও চাপ নিয়ে মাঠে নেমেছিল ‘লস ব্লাঙ্কোস’রা। চাপের মুখেই মৌসুমে প্রথমবারের মতো দেখা দিলেন ‘বিবিসি’।
ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলকে নিয়ে সৃষ্ট এই ত্রয়ী এই মৌসুমে একসঙ্গে খেলার সুযোগ পেয়েছেন খুব কম ম্যাচেই। আর যাও কয়েকবার খেলেছেন, কখনোই সেইভাবে জ্বলে ওঠেননি তাঁরা। কিন্তু গেটাফেকে পেয়েই উৎসবে মেতে উঠলেন তিনজন। মাত্র ৪ মিনিটেই গোলের মুখ খুললেন বেনজেমা। লুকাস ভাসকুয়েজ ও পেপে মিলে দারুণ এক পাস দিয়েছেন গোলমুখে। সে সুযোগ হাতছাড়া করেননি বেনজেমা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ১৬ মিনিটে আরেকটি গোল বেনজেমার। এ গোলটি বানিয়ে দিয়েছেন বেল। এরপরও আক্রমণের ধার কমেনি রিয়ালের। তবে কেন যেন আর গোল হচ্ছিল না। অপেক্ষা ফুরোল ১৯ মিনিট পর। বেল-রোনালদো সমন্বয়ে এল রিয়ালের তৃতীয় গোল। গোলদাতা বেল, বানিয়ে দিয়েছেন রোনালদো।
এরপরের গল্পটা অনেকটা গত সপ্তাহের বার্সেলোনার ‘এমএসএনে’র গল্পের মতো। সেদিন সুয়ারেজের জোড়া গোলের সঙ্গে গোল পেয়েছিলেন নেইমারও, শুধুই মেসিই পাচ্ছিলেন না। এবার রিয়ালের ম্যাচেও একই চিত্রনাট্য। বেনজেমা-বেল গোল পেয়েছেন। কিন্তু রোনালদো তখনো গোলশূন্য।
অবশ্য মেসির মতো ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি রোনালদোকে। বেলের গোলের তিন মিনিট পরই নিজের গোলটা পেয়ে গেলেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৪-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল। ওহ, একটা জায়গায় ‘এমএসএনে’র সঙ্গে মিলল না ‘বিবিসি’র। সেদিন মেসির গোলটা এসেছিল নেইমার-সুয়ারেজের সমন্বয়ে। রোনালদোর গোলেও তেমনি বেল-বেনজেমার অবদান হলে একেবারে নিখুঁত হতো। কিন্তু ফুটবল দেবতাই হয়তো চাইলেন, একটু স্বাতন্ত্র্য থাকুক দুই ত্রয়ীর মধ্যে। হয়তো এ কারণেই রোনালদোর গোলটা এল টনি ক্রুসের পাস থেকে।
দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও খেলায় ফিরে এসেছিল গেটাফে। রিয়ালকে কোনো গোল তো করতে দেয়ইনি, উল্টো ৭০ মিনিটে একটি গোল ফিরিয়ে দিয়েছে তারা। শেষ পর্যন্ত অবশ্য আর কোনো দলই স্কোরশিটে পরিবর্তন আনতে পারলেন না।
রিয়ালের ছন্দে ফেরার দিনে ছন্দ হারাল বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় নিজেদের প্রথম হারের স্বাদ নিতে হলো বাভারিয়ানদের। বরুশিয়া ম’গ্লেডবাখের মাঠে গিয়ে ৩-১ ব্যবধানে হেরেছে তারা। এই পরাজয়ে লিগে অপরাজিত থাকার রেকর্ড ১৪তেই আটকে গেল বায়ার্নের। অবশ্য এই পরাজয়ের পরও লিগে শীর্ষেই আছে তারা।
মজার ব্যাপার, এই ম্যাচে বায়ার্ন কোচ গার্দিওলা দলে কোনো পরিবর্তন আনেননি। ম্যাচের আগে বড় কৌতুহল জাগিয়েছিল বিষয়টি - আজ কী সর্বশেষ ম্যাচের একাদশ নামাবেন গার্দিওলা? এর আগের ৯৯ ম্যাচজুড়ে যে কখনো টানা দুই ম্যাচে একই একাদশ খেলাননি এই স্প্যানিশ কোচ। কুসংস্কারে বিশ্বাস থাকলে হয়তো ম্যাচ শেষে এনিয়ে আক্ষেপই করছেন বায়ার্ন কোচ - ‘কেন যে দল পরিবর্তনের সেঞ্চুরিটা করে ফেললাম না?’
পরাজয়ের মধ্যেও একটা বিষয় বেশ স্বস্তি জোগাবে গার্দিওলাকে। চোট কাটিয়ে ৯ মাস পর মাঠে ফিরেই গোল পেয়েছেন ফ্রেঞ্চ উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি । অবশ্য তাঁর গোলের আগেই দ্বিতীয়ার্ধের ৫৪ থেকে ৬৮ - এই ১৪ মিনিটে ৩ গোল করে জয় প্রায় নিশ্চিত করে রেখেছিল ম’গ্ল্যাডবাখ। বায়ার্ন ক্যারিয়ারে এই প্রথম গোল করেও দলকে হেরে যেতে দেখলেন রিবেরি।
এদিকে প্রিমিয়ার লিগে স্টোক সিটির মাঠে ২-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। আসলে বলা উচিত, মার্কো আর্নাউটোভিচ আর জের্দান শাকিরির কাছেই হেরেছে। দুই গোল করেছেন আর্নাউটোভিচ, দুটিতেই অবদান শাকিরির। সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে ওয়েস্ট হামের সঙ্গে। গত কয়েকদিনের ইউনাইটেডের খেলার ধরণ বিবেচনায় এটিকে কোনোভাবেই হয়তো অঘটন বা অপ্রত্যাশিত বলা যাবে না।
অন্য ম্যাচে অ্যারন রামসে, জোয়েল ক্যাম্পবেল ও অলিভিয়ের জিরুর ‘জোড়া’ গোলে আর্সেনাল ৩-১ গোলে জিতেছে সান্ডারল্যান্ডের সঙ্গে। অবাক হচ্ছেন? জিরুর ‘জোড়া’ গোল এসেছে আসলে দুই দলের গোলপোস্টে করা গোলের হিসেবে। আর্সেনালের হয়ে তো গোল করেছেনই, সান্ডারল্যান্ডের প্রতি ‘দয়াবশত’ নিজেদের জালেও একটা আত্মঘাতী গোল করে দিয়েছেন ‘গানার’ স্ট্রাইকার।