রিয়ালের 'হলুদ' দুঃস্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের আগে জিদান-রোনালদোর সম্পর্কের উষ্ণতা ছিল প্রশ্নের মুখে। সেই প্রশ্নের জবাব হয়তো দিয়ে দিল এই হাত মেলানো। পরশু বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে, রিয়ালের প্রথম গোলের পর l টুইটার
ম্যাচের আগে জিদান-রোনালদোর সম্পর্কের উষ্ণতা ছিল প্রশ্নের মুখে। সেই প্রশ্নের জবাব হয়তো দিয়ে দিল এই হাত মেলানো। পরশু বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে, রিয়ালের প্রথম গোলের পর l টুইটার

হলুদ জার্সির দলের বিপক্ষে তাহলে সত্যিই কিছুটা সমস্যায় পড়ছে রিয়াল মাদ্রিদ?

চার দিন আগে বরুসিয়া ডর্টমুন্ড অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে খোঁচাটা মেরেছিল জিনেদিন জিদানের দলকে। লিগে টানা দুটি ম্যাচে হলুদ জার্সি পরা দুই দল ভিয়ারিয়াল ও লাস পালমাসের সঙ্গে ড্র করেছে রিয়াল। সেটা দেখেই মজা করে ডর্টমুন্ডের টুইট, ‘হলুদ দলের সঙ্গে তোমাদের সময়টা খারাপ যাচ্ছে, তাই না?’ ডর্টমুন্ডের জার্সিও যে হলুদ। তখন কে জানত কথাটা এভাবে খেটে যাবে! চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে পরশু ডর্টমুন্ডের মাঠেও দুবার এগিয়ে গিয়ে রিয়াল ড্র করেছে ২-২ গোলে।

জুভেন্টাসের ম্যাচেও হয়েছে ৪ গোল, সবগুলোই মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের। চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচে সেভিয়ার সঙ্গে ড্রয়ের হতাশা জুভরা ভুলেছে ডায়নামো জাগরেবের মাঠে ৪-০ গোলের জয়ে। গত মৌসুমে ইংলিশ-রূপকথা লেখা লেস্টার ১-০ গোলে হারিয়েছে পোর্তোকে। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয়ের রেকর্ড গড়েছে ক্লদিও রানিয়েরির দল।

বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচের আগে অবশ্য হলুদ জার্সি নয়, জিনেদিন জিদানকে বেশি কথা বলতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। লাস পালমাস ম্যাচে পর্তুগিজ ফরোয়ার্ডকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া নিয়ে কত কথা! রোনালদো-জিদানের দ্বন্দ্ব পর্যন্ত আবিষ্কার করে ফেলল সংবাদমাধ্যম। তবে সব ভুল প্রমাণিত হলো পরশু ম্যাচের ১৭ মিনিটে, ইউরোপে রোনালদোর ৯৮তম গোলটির পর। গোল করেই রিয়াল ফরোয়ার্ড ছুটে এসে হাত মেলান জিদানের সঙ্গে।

গোলটাও হলো দুর্দান্ত। যেন ফুটবল ব্যাকরণের বই থেকে তুলে আনা প্রতি আক্রমণ, বেল-হামেস হয়ে যা পূর্ণতা পায় রোনালদোর পায়ে। তার আগে-পরে প্রথমার্ধে অবশ্য রিয়ালকে চাপে রেখেছিল ডর্টমুন্ডই। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে সমতায়ও ফেরে তারা, যদিও তাতে মৌসুমে প্রথমবার রিয়ালের পোস্ট আগলানো কেইলর নাভাসেরও ‘অবদান’ অনেক। রাফায়েল গুরেইরোর ফ্রি-কিক পাঞ্চ করতে গিয়ে ভুল করে ফেলেন নাভাস, ভারানের পা লেগে গোলমুখী বলে পা লাগিয়ে দেন পিয়ের-এমেরিক অবামেয়াং। দ্বিতীয়ার্ধে রিয়ালকে এগিয়ে দেন ভারা​েনই। কিন্তু ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ডর্টমুন্ডকে দ্বিতীয়বার ম্যাচে ফেরান আন্দ্রে শুরলে। সবার বিবেচনায় এটিই যথার্থ ফল।

তবে টানা তৃতীয় ম্যাচে এগিয়ে গিয়েও ড্র মেনে নিতে পারেননি জিদান। রিয়াল কোচ সেটি লুকানওনি, ‘রক্ষণ ও আক্রমণ দুই দিকেই আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি। কিন্তু শেষ পর্যন্ত টানা তিন ম্যাচে সেই একই ফলই পেলাম। দিন শেষে খুব একটা খারাপ নয়, কিন্তু এত ভালো খেলেও এই ফল দেখে মন ভেঙে গেছে।’ তবে দলের ডিফেন্ডার দানিলোর কথায় খুশিই হবেন রিয়াল-ভক্তরা, ‘এত এত ড্র নিয়ে আমরা খুশি নই, কিন্তু এইবারকে (লিগের পরের ম্যাচের প্রতিপক্ষ) এর মূল্য দিতে হবে।’

কে জানে, বড় হার এড়াতে রিয়ালের মাঠে রোববার এইবারও নিজেদের অ্যাওয়ে হলুদ জার্সিটা পরে নামে কি না! এএফপি, রয়টার্স।

একনজরে ফল

সিএসকেএ মস্কো ০:   ১ টটেনহাম

        ডর্টমুন্ড ২: ২ রিয়াল মাদ্রিদ

       স্পোর্টিং ২: ০ লেগিয়া

কোপেনহেগেন ৪: ০ ব্রুগা

         লেস্টার ১: ০ পোর্তো

        সেভিয়া ১: ০ লিঁও

      জাগরেব ০: ৪ জুভেন্টাস

* প্রথমে স্বাগতিক দল