রিয়ালের '৭' নম্বরের সাতকাহন

>রেমন্ড কোপা থেকে ক্রিস্টিয়ানো রোনালদো—বেশিরভাগ সময়ে রিয়ালের সেরা ফুটবলারের গায়ে উঠেছে সাত নম্বর জার্সি
রিয়াল মাদ্রিদ মানেই যেন ইতিহাস। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি ইতিহাস গড়েছে জার্সি নিয়েও। স্পেনের ফুটবলে ৭ নম্বর জার্সিটি প্রথম ব্যবহার করেছে রিয়ালই, সেই পঞ্চাশের দশকে। সেই থেকে অনেক বিখ্যাত ফুটবলারই পরেছেন রিয়ালের ৭ নম্বর জার্সি। জেনে নেওয়া যাক রিয়ালের ৭ নম্বর জার্সির সাতকাহন।
রিয়াল প্রথম ৭ নম্বর জার্সি ব্যবহার করে ১৯৪৭ সালে, ২৩ নভেম্বর নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটি ম্যাচে। নতুন একটি নম্বর আনা ছাড়া সেই সময় রিয়ালে ৭ নম্বর জার্সির তেমন কোনো বিশেষত্বই ছিল না। রিয়াল ওই সময়টায় শুরুর একাদশের খেলোয়াড়দের ১ থেকে ১১ নম্বর জার্সি পরতে দিত। আর নম্বরগুলো দেওয়া হতো মাঠে খেলোয়াড়দের পজিশন অনুযায়ী। যেমন গোলকিপারের ১ নম্বর। সেন্টার ব্যাকের ২!
আদির কথা: কোপা, আমানসিও আর হুয়ানিতো
প্রথম দিকে রিয়ালের ৭ নম্বর জার্সিটি পরতেন দুজন—সাবিনো বারিনাগা ও হোসে মারিয়া জারাগা। সাউদাম্পটনে ক্যারিয়ার শুরু করা বারিনাগো ছিলেন সেই সময়ের অন্যতম নেরা ফরোয়ার্ড। আর জারাগাকে মনে করা হতো সেই সময়ের সেরা মিডফিল্ডারদের একজন। তবে প্রকৃত তারকা বলতে যা বোঝায় তেমন খেলোয়াড়দের মধ্যে রিয়ালে ৭ নম্বর জার্সি প্রথম পরেছেন রেমন্ড কোপা।
ফরাসি কিংবদন্তি কোপা ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই খেলেছেন রেঁসের হয়ে। ১৯৫৬ থেকে ১৯৫৯—এই চার বছর রিয়ালে কাটিয়েছেন তিনি। চার মৌসুমই তাঁর গায়ে ছিল ৭ নম্বর জার্সি। এই জার্সিটাকে রিয়ালে বিখ্যাতও করেছিলেন আসলে তিনিই।
আলফ্রেডো ডি স্টেফানো ও ফেরেঙ্ক পুসকাসের সঙ্গে খেলে রিয়ালের হয়ে দুটি লিগ ও তিনটি ইউরোপিয়ান কাপ জিতেছেন কোপা। সর্বশেষ ইউরোপিয়ান কাপটি আবার তাঁর সাবেক ক্লাব রেঁসের বিপক্ষে। কোপা চলে যাওয়ার পর রিয়ালের ৭ নম্বর জার্সিটি আবার অসহায় হয়ে পড়ে! বছর চারেক জার্সিটি কোপার যোগ্য উত্তরসূরি খুঁজে ফেরে।
অবশেষে ১৯৬৩ সালে আবার থিতু হয় রিয়ালের ৭ নম্বর জার্সি। এবার সেটি ওঠে স্পেনের রাইট উইঙ্গার আমানসিওর গায়ে। দেপোর্তিভো লা করুনিয়া থেকে ১৯৬২ সালে রিয়ালে নাম লিখিয়েছিলেন আমানসিও। অবসরে যাওয়ার আগে পর্যন্ত খেলেছেন রিয়ালেই।
নয়টি লিগ শিরোপার সঙ্গে দুবার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফিও জিতেছেন রিয়ালের স্প্যানিশ উইঙ্গার। ১৯৬৮ সালে মারকানায় ৯৩ হাজার দর্শকের সামনে বিশ্ব একাদশের হয়ে ব্রাজিলের বিপক্ষেও সেই ৭ নম্বর জার্সি পরেই খেলেছিলেন আমানসিও।
আমানসিওর অবসরের পর আবার যোগ্য খেলোয়াড়ের খোঁজে নামে রিয়ালের ৭ নম্বর। হেনিং ইয়েনসেন থেকে ইতো হয়ে জার্সিটি আবার থিতু হয় হুয়ানিতোর কাছে। ১৯৭৭ সালে রিয়ালে নাম লেখানো স্প্যানিশ ফরোয়ার্ড রিয়ালের হয়ে লা লিগায় সাড়ে তিন শ ম্যাচ খেলেছেন। পাঁচটি লিগ আর দুটি উয়েফা কাপ শিরোপার পাশাপাশি একবার জিতেছে পিচিচি ট্রফিও।
আধুনিক কালের গাঁথা: বুত্রাগুয়েনো, রাউল ও রোনালদো
১৯৮৭ নালে হুয়ানিতো রিয়াল ছাড়ার পর ৭ নম্বর জাসির্কে অবশ্য হন্যে হয়ে কাউকে খুঁজতে হয়নি। সেটির জন্য তত দিনে তৈরি হয়ে গিয়েছিলেন এমিলিও বুত্রাগুয়েনো। মাদ্রিদে জন্ম বলে রিয়ালের সমর্থকেরা তাঁকে ঘরের ছেলে বলেই মানতেন। ঘরের ছেলেও তাঁদের হতাশ করেনি। ১৯৮৪ সালে অভিষেকেই মন কেড়ে নিয়েছিলেন সমর্থকদের। বদলি হিসেবে যখন তিনি মাঠে নামেন, রিয়াল ২-০ গোলে পিছিয়ে। নিজে দুটি গোল করে এবং আরেকটি গোল করিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বুত্রাগুয়েনো।
নেতিয়ে পড়া রিয়ালকে জাগিয়ে তুলতে আশির দশকে বড় ভূমিকা রেখেছিলেন ক্লাবটির ঘরের ছেলে। একই সময়ে ৭ নম্বর জার্সিটাকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যেটির ভার বহন করা তাঁর উত্তরসূরিদের জন্য হয়ে পড়েছিল কঠিন। বু্ত্রাগুয়েনো রিয়াল ছাড়ার পর ৭ নম্বর জার্সিটি ঘুরে ফেরে এর-ওর গায়ে! রাফায়েল মার্তিন ভাসকেজ, আলফোনসো, লুইস এনরিকে, হোসে আমাভিসকা ও হুয়ান এসনাইদার হয়ে জার্সিটি এসে ওঠে বুত্রাগুয়েনোর মতো আরেক ঘরের ছেলের গায়ে।
রাউল আর রিয়াল এক সময় যেন সমথর্কই য়ে গিয়েছিল। সমার্থক হয়ে গিয়েছিল রাউল আর ৭ নম্বর জার্সিটিও। রিয়ালের হয়ে ১৬টি বসন্ত কাটানো রাউল ক্লাবের হয়ে জিতেছেন ছয়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ভেঙে দিয়েছিলেন ডি স্টেফানোর ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড।
১৬ মৌসুম কাটিয়ে রাউল ২০১০ সালে যখন রিয়াল ছাড়েন, ৭ নম্বরের দাবিদার তৈরিই ছিলেন। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে নাম লেখানো রোনালদো এর আগেও ‘ভারী’ এক ৭ নম্বর গায়ে পরে এসেছেন। ইউনাইটেড তিনি পরতেন জর্জ বেস্ট, এরিক ক্যান্টোনা ও ডেভিড বেকহামদের বিখ্যাত ৭ নম্বর জার্সির।
৭ নম্বরকে নিজের ব্র্যান্ড বানিয়ে ফেলেছিলেন আগেই। কিন্তু রিয়ালে প্রথম মৌসুমে সিআর সেভেনকে পরতে হয়েছিল ৯ নম্বর জার্সির। রাউল চলে যাওয়ার পরই রিয়ালের ৭ নম্বর জার্সিতে অধিকার প্রতিষ্ঠা হয় রোনালদোর। এই জার্সির গায়েই ২০১৫ সালে তিনি ভেঙে দিয়েছেন রাউলের সবচেয়ে বেশি গোলের রেকর্ড। রিয়ালের হয়ে তাঁর গোলসংখ্যা এক কথায় ঈর্ষণীয়—৪৫১টি। জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগও।
রিয়ালের ৭ নম্বর জার্সিটিকে রোনালদো যে উচ্চতায় নিয়ে গেছেন আর যতটা ভারী করে তুলেছেন, সেই ভার বহন করা কারও জন্য অত সহজ নয়! ২০১৮ সালে রোনালদো স্পেন পাড়ি জমান ইতালিতে। জুভেন্টাসে নাম লেখানো রোনালদো এখনো ৭ নম্বর পরেই খেলছেন। আর আগের মতোই সুবাস ছড়িয়ে যাচ্ছেন।
কিন্তু রিয়ালে তাঁর ৭ নম্বরের মান কেউ রাখতে পারছে কই! রোনালদো চলে যাওয়ার পর জার্সিটির মালিকানা পেয়েছিলেন মারিয়ানো দিয়াজ। কিন্তু এখন তিনি রিয়ালের শুরুর একাদশেই নিয়মিত নন। এরপর রিয়ালে আসেন এডেন হ্যাজার্ড। বড় শখ করে জিনেদিন জিদান তাঁকে দিয়েছেন ৭ নম্বর জার্সিটা। কে জানে সেই ভারেই কি না কেমন যেন ন্যুজ হয়ে পড়ছেন হ্যাজার্ড!