রিয়ালেরই হলেন সেবায়োস
শেষ পর্যন্ত নিজের চাওয়াই পূর্ণ হলো দানি সেবায়োসের। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলই তাঁকে পেতে চাইছিল। কিন্তু রিয়াল বেটিসের ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের ইচ্ছে ছিল, তিনি রিয়ালেই যাবেন। সেটিই হচ্ছে। মার্কার প্রতিবেদন, ১৮ মিলিয়ন ইউরোতে সেবায়োসের রিয়ালে যাওয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এই সপ্তাহেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
গত মৌসুমে বেতিসের হয়ে দুর্দান্ত খেলেছেন সেবায়োস, আলো ছড়িয়েছেন কদিন আগে শেষ হওয়া অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপে রানার্সআপ স্পেনের জার্সিতেও। এ কারণেই রিয়াল-বার্সা দুই দলই তাঁকে পেতে চাইছিল। দৌড়ে জিতল জিনেদিন জিদানের দলই। বেতিসের সঙ্গে সেবায়োসের চুক্তিতে ‘রিলিজ ক্লজ’ মাত্র ১৫ মিলিয়ন হলেও দলবদল-প্রক্রিয়াটা আরও মসৃণ করতে মাদ্রিদ একটু বেশিই খরচ করেছে।
সেবায়োস রিয়ালে যাওয়াটা বার্সেলোনার জন্য বড় ধাক্কাই। এই দলবদল মৌসুমে আর্সেনালের রাইটব্যাক হেক্টর বেয়েরিন ও পিএসজি মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকে দলে আনতে চেয়েও এখন পর্যন্ত হতাশ হয়েছে কাতালান ক্লাবটি। এখন হাতছাড়া হয়ে গেলেন সেবায়োসও। মার্কা।