এখন পর্যন্ত একটা ব্যাপার নিশ্চিত, গতবারের দুই ফাইনালিস্ট এবার আর ফাইনাল খেলছে না। কোয়ার্টার ফাইনালেই যে মঞ্চায়ন হতে যাচ্ছে মাদ্রিদ ডার্বি, কাল সুইজারল্যান্ডের নিওনে হয়ে যাওয়া ড্র মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে রিয়াল-অ্যাটলেটিকোকে। রিয়াল অবশ্য খানিকটা অস্বস্তিতেই থাকতে পারে, নগরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সর্বশেষ ছয় ম্যাচে তাদের একটিও জয় নেই। গত মাসে ৪-০ গোলে পরাজয়ের ক্ষতটা তো এখনো না শুকানোরই কথা। পরিচিত দ্বৈরথ আছে আরও একটি, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি বার্সেলোনা-পিএসজি। কয়েক মৌসুম ধরেই মুখোমুখি দল দুটি এবারও পড়েছিল একই গ্রুপে। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি পর্তুগিজ ক্লাব পোর্তো, অন্য কোয়ার্টার ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের পরীক্ষা নেবে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো। ১৪ ও ১৫ এপ্রিল হবে শেষ আটের প্রথম লেগের ম্যাচগুলো, ফিরতি লেগের ম্যাচগুলো হবে ২১ ও ২২ এপ্রিল। এএফপি।