রিয়াল-বার্সা যেন জাতিসংঘ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের মূল একাদশেই নয়টি দেশের প্রতিনিধি। ছবি: মার্কা
রিয়ালের মূল একাদশেই নয়টি দেশের প্রতিনিধি। ছবি: মার্কা

ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ক্রোয়েশিয়া, কোস্টারিকা, কলম্বিয়া, ওয়েলশ এবং স্পেন। না, কোনো জলবায়ু সম্মেলন কিংবা জাতিসংঘের সাধারণ সভার সদস্য তালিকা নয় এটি। রিয়াল মাদ্রিদের মূল দলের খেলোয়াড়দের মাতৃভূমির নাম এগুলো। রিয়াল বেটিসের সঙ্গে লিগের দ্বিতীয় ম্যাচে রিয়ালের একাদশে ছিলেন নয়টি ভিন্ন দেশের খেলোয়াড়। রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক দেশের প্রতিনিধিত্ব হয়েছে সেদিনই।
বার্সেলোনাও কম যায় না। মালাগার বিপক্ষে ম্যাচটিতে বার্সার মূল একাদশে সাতটি দেশের প্রতিনিধিত্ব ছিল। সেদিন বার্সার স্কোয়াডে ছিল মোট নয়টি দেশের প্রতিনিধিত্ব। ইউরোপীয় ফুটবলে সেরা দল গড়তে সব ধরনের প্রচেষ্টাই চালায় ক্লাবগুলো। স্কাউটিং করে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিশ্রুতিশীল তরুণদের দলে টানা হয়। দলবদলের বাজারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে কেনা হয় একের পর এক খেলোয়াড়। ইউরোপের শীর্ষ লিগ গুলোতে তাই বিশ্বের নানা দেশের খেলোয়াড়দের আনাগোনা। স্প্যানিশ ও ইংলিশ লিগে তাই প্রায় প্রতিটি দলেই চার কিংবা পাঁচটি দেশের প্রতিনিধিত্ব দেখা যায়। কিন্তু এক ম্যাচে কোনো দলের মূল একাদশে সাত কিংবা নয় ভিন্ন দেশি খেলোয়াড়দের উপস্থিতি প্রমাণ করে ইউরোপের ক্লাবগুলো কতটা বহুজাতিক।
ব্যতিক্রম অবশ্য আছে। অ্যাথলেটিক বিলবাও অবশ্য বহুজাতিকতায় বিশ্বাস করে না। তাদের ভরসা নিজেদের তৈরি খেলোয়াড়েই। কিন্তু বাকি দৃশ্যপট পুরোপুরিই অন্য। অন্য দলগুলোর কাছে স্বদেশি-প্রীতির চেয়ে ক্লাবের সাফল্যই মূল। তাতে যদি দলে একজনও নিজেদের খেলোয়াড় না থাকে তাই সই।
বার্সেলোনার কথাই ধরুন। একটা সময় ছিল এই ক্লাবে নিজেদের একাডেমির খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হতো। কিন্তু এখন পরিস্থিতি অন্য। গত কয়েক বছরে দলবদলের বাজারে দেদারসে টাকা ঢালছে তারা। ন্যু ক্যাম্পেও এখন বহুজাতিকতার পসার।
রিয়াল মাদ্রিদ অনেক আগে থেকেই বহুজাতিক। ১৯৯৬-৯৭ মৌসুমেও একবার একটি ম্যাচে আটটি ভিন্ন দেশের খেলোয়াড় খেলিয়েছিল ব্লাঙ্কোসরা। তবে শনিবার সেই ম্যাচের রেকর্ড ভেঙে নতুন রেকর্ডই গড়েছে তারা। বেটিসের বিপক্ষে মূল একাদশে কেবল সার্জিও রামোসই ছিলেন ‘স্প্যানিশ।’ বহুজাতিকতায় যে প্রসার, সেটা খুব সম্ভবত অন্যরা শিখেছে রিয়ালের কাছ থেকেই।
ভবিষ্যতে ইউরোপের কোনো ক্লাবের প্রথম একাদশে ১১ জনই ভিন্ন ভিন্ন দেশের হলে একদম অবাক হবেন না কিন্তু! সূত্র: মার্কা।