রিয়াল-বার্সার অভিন্ন চাওয়া
অভিষেক তাঁর হয়েছে আগেই। কিন্তু বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে লুইস সুয়ারেজের অভিষেক ম্যাচটা তাঁর দলের জন্য সুখের হয়নি। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে ৩-১ গোলে। সেই হতাশা কাটিয়ে আজ ঘুরে দাঁড়ানোর সুযোগ বার্সার সামনে। ন্যু ক্যাম্পে কাতালানদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। সুয়ারেজও তাই সুযোগ পাচ্ছেন অন্তত নিজের মাঠে অভিষেকটা স্মরণীয় করে রাখার।
এল ক্লাসিকোর পর গত বুধবার জিরোনায় কাতালান সুপার কাপেও খেলেছেন সুয়ারেজ। গোল পাননি, কিন্তু জেরার্ড পিকের গোলটা তাঁরই বানিয়ে দেওয়া। ক্লাসিকোতেও নেইমারের গোলটার কারিগর ছিলেন তিনি। সব মিলিয়ে উরুগুইয়ান স্ট্রাইকারের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট তাঁর কোচ লুইস এনরিকে, ‘সে খুবই ভালো খেলেছে। বেশির ভাগ সময়ে মাঠে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সব সময় খেলার সঙ্গে একাত্ম ছিল।’
ক্লাসিকোর পর কাতালান সুপার কাপের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল বার্সেলোনার মানিকজোড় মেসি-নেইমারকে। বার্সার জার্সি গায়ে এ মৌসুমে সব ধরনের ম্যাচে ২০টি গোল ও ১২টি অ্যাসিস্ট মেসি-নেইমার জুটির। ন্যু ক্যাম্পে আজ সুয়ারেজ পাশে পাচ্ছেন এ দুজনকেও। ‘এমএনএস’ ত্রয়ীকে সামলাতে তাই ঘাম ঝরাতে হবে সেল্টা ভিগোকে।
বার্সেলোনার চার ঘণ্টা আগেই লস কারমেনেসে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে গ্রানাডার। লা লিগায় শীর্ষে থাকা বার্সার সঙ্গে এখনো এক পয়েন্টের ব্যবধান রিয়ালের। গ্রানাডাকে হারাতে পারলে কয়েক ঘণ্টার জন্য হলেও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে কার্লো আনচেলত্তির দল। তবে অধিনায়ক ইকার ক্যাসিয়াসের লক্ষ্যটা আরও বড়, ‘আমরা চাই বড়দিনের ছুটির আগেই লিগের শীর্ষে উঠে যেতে। বার্সেলোনাকে হারিয়ে সেই পথে একটা বড় ধাপ পেরিয়েছি।’
লা লিগায় অনেক পিছিয়ে পড়েও বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু বুন্দেসলিগায় সেটা করতে পারছে না গত মৌসুমের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড। ৯ ম্যাচ খেলে ইয়ুর্গেন ক্লপের দলের জয় মাত্র ২টি, ৭ পয়েন্ট নিয়ে লিগে অবস্থান ১৫ নম্বরে! আলিয়াঞ্জ অ্যারেনায় আজ ডর্টমুন্ডের প্রতিপক্ষ ২২ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। ঘুরে দাঁড়ানোর কাজটার শুরু জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষেই করতে চান ডর্টমুন্ড ডিফেন্ডার কেভিন গ্রসক্রোটজ, ‘আমাদের সামর্থ্য কতটুকু সেটা আমরা দেখাতে চাই এবং সেটা মিউনিখের ম্যাচ দিয়েই শুরু করব।’ এএফপি, রয়টার্স।