রুদ্ধশ্বাস জয়ে জামালের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ জামালকে ২-১ গোলে এগিয়ে দেওয়ার উচ্ছ্বাস এমেকা ডার্লিংটনের। পরে ৩-২ গোলে পিছিয়ে পড়েও তাঁর দল  পেয়েছে ৪-৩ গোলের নাটকীয় এক জয়। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l সাজিদ হোসেন
শেখ জামালকে ২-১ গোলে এগিয়ে দেওয়ার উচ্ছ্বাস এমেকা ডার্লিংটনের। পরে ৩-২ গোলে পিছিয়ে পড়েও তাঁর দল পেয়েছে ৪-৩ গোলের নাটকীয় এক জয়। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l সাজিদ হোসেন

যোগ করা চার মিনিট সময়ও শেষের পথে, আবার গোল! একটু আগেও হারের শঙ্কায় কম্পমান শেখ জামাল ধানমন্ডিই কিনা ভোজবাজির মতো সব পাল্টে ছিনিয়ে নিল রুদ্ধশ্বাস জয়! যে জয় তাদের প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখাও প্রায় নিশ্চিতই করে দিল।
ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞায় শাণিত শেখ রাসেল হতবাক। শিরোপা লড়াই থেকে বিদায় নেওয়ার এই ক্ষণে খেলোয়াড়েরা বেদনাহত। এ তো ইউরোপের ফুটবলে দেখা যায়। দুবার পিছিয়ে পড়েও শেখ রাসেলের ম্যাচে ফিরে আসা, কালই প্রথম খেলতে নামা বসনিয়ান স্ট্রাইকার দামির ইবরিচের ৮৫ মিনিটে দুর্দান্ত ব্যাকভলিতে স্কোরলাইন ৩-২। টিকে থাকার ম্যাচে জয় দেখছিল শেখ রাসেল। রোমাঞ্চ ছড়াতে এটুকুই তো যথেষ্ট ছিল। কিন্তু নাটকের যে তখনো বাকি।
টানা বৃষ্টিতে কাদায় থিকথিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ। ফুটবলের নামে আসলে হলো হাডুডু খেলা। বল ঠেলে ধাক্কিয়ে গোলমুখ পর্যন্ত নিলেই গোল!
৯০তম মিনিটে সেই কাদাই সর্বনাশের পথে নিয়ে গেল শেখ রাসেলকে। ভুল করে বসলেন ডিফেন্ডার তপু বর্মণ, তাঁর ব্যাক পাস গেল কাদায় আটকে। গোলরক্ষক মামুন খান এগিয়ে এসেও বল পাননি। তাঁর মাথার ওপর দিয়ে আলতো করে বলটা জালে পাঠান ওয়েডসন (৩-৩)।
৯৩তম মিনিটে জয়সূচক গোল! ল্যান্ডিং বল দিলেন আগুয়ান ডিফেন্ডার লিংকনকে। কাদায় ভরা বক্সের মধ্য থেকে তাঁর কোনাকুনি জোরালো শটে লক্ষ্যভেদ। হারতে হারতে জয়—শেখ জামাল আনন্দে তখন আত্মহারা।
হবে না-ই বা কেন! ২০ ম্যাচের লিগে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট—প্রতিদ্বন্দ্বীদের ধরাছোঁয়ার অনেকটা বাইরেই শেখ জামাল। ১৫ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ২৯। বাকি চার ম্যাচে শেখ জামালের সামনে সমীকরণটা খুবই সহজ। অন্য দলগুলো নিয়ে ভাবারই দরকার নেই, চার ম্যাচের দুটি জিতলেই শিরোপা নিশ্চিত।
ম্যাচের পর তাই মাঠে ছোটখাটো উৎসবও করে ফেলেছে শেখ জামাল। উৎফুল্ল ক্লাব সভাপতি মনজুর কাদের পাঁচ লাখ টাকা বোনাস দিয়েছেন। ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু জয়ের উল্লাসে হাঁপাতে হাঁপাতে একটা শব্দই বলতে পারলেন,‘ মিরাকল, মিরাকল।’ অধিনায়ক মামুনুল ইসলামও বিস্মিত। কিন্তু ‘মিরাকল’ শব্দটা মানতে রাজি হলেন না দলের আর্জেন্টাইন ফিটনেস ট্রেনার আরিয়েল কোলম্যান, ‘বুঝলেন, এটা খেলোয়াড়দের ফিটনেসের ফল।’
হ্যাঁ, ফিটনেসে এগিয়ে ছিল শেখ জামালই। কাদা মাঠে যা বড় নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। তবে শেখ রাসেলের রক্ষণও তো কম দায়ী নয়। সেদিকে ইঙ্গিত করে হতাশ শেখ রাসেলের কোচ মারুফুল হক বললেন, ‘আমরা তো শেষ দুটি গোল প্রতিপক্ষকে উপহারই দিলাম।’
দুই ডিফেন্ডার মিশু ও রেজাউল চোটের কারণে মাঠের বাইরে। তাঁরা না থাকায় এত দিন রক্ষণে খেলানো হচ্ছিল সার্বিয়ান পেতরিচকে। ফলে আক্রমণে এত দিন দুজন বিদেশি রাখা যাচ্ছিল। কাল পেতরিচকে না রেখে আক্রমণে তিনজন বিদেশি রাখেন মারুফ—কিংসলে, ইকাঙ্গা ও বসনিয়ান দামির ইবরিচ।
এই পরিবর্তনে শেখ রাসেলের আক্রমণভাগ শক্তিশালী হয়েছে। ১২ মিনিটে ল্যান্ডিং কোনাকুনি শটে ১-০ করার পর জাহিদ আলতো টোকায় ১-১ করলেন ২৪ মিনিটে। ৪০ মিনিটে ডার্লিংটন হেডে ২-১ করলেও তা ধরে রাখতে পারেনি শেখ জামাল। ৫৫ মিনিটে কিংসলে ২-২ করে ম্যাচ জমিয়ে তোলেন।
জয়সূচক গোলের খোঁজে যখন শেখ রাসেল, ইবরিচ ঝলসে উঠলেন। তাঁর ব্যাকভলিতে করা গোলটি ফ্রেমে বাঁধানো করে রাখার মতোই। কিন্তু ফুটবল বিধাতাই বোধ হয় চাননি শেখ রাসেলের জয়। নইলে হারতে বসা ম্যাচ এভাবে জিততে পারে শেখ জামাল!

পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
শেখ জামাল ১৬ ১২ ৩ ১ ৪৮/১৭ ৩৯
আবাহনী ১৬ ৯ ৪ ৩ ২৮/১০ ৩১
মোহামেডান ১৫ ৯ ৩ ৩ ৩২/১২ ৩০
ব্রাদার্স ১৬ ৮ ৫ ৩ ২৫/১৫ ২৯
শেখ রাসেল ১৫ ৯ ২ ৪ ২৮/২১ ২৯
মুক্তিযোদ্ধা ১৫ ৬ ৩ ৬ ২৩/২৫ ২১
বিজেএমসি ১৫ ৩ ৩ ৯ ১৫/২৪ ১২
ফেনী সকার ১৪ ৩ ৩ ৮ ১৫/২৮ ১২
রহমতগঞ্জ ১৪ ২ ৫ ৭ ১৭/২৭ ১১
চট্ট. আবাহনী ১৪ ১ ৪ ৯ ১০/৩২ ৭
ফরাশগঞ্জ ১৪ ০ ৫ ৯ ১২/৪২ ৫