রুনি-উইলশেয়ারের রাত

এমনিতে স্লোভেনিয়ার সঙ্গে ৩-২ গোলের জয় খুব একটা বড় কিছু নয়। কিন্তু পরশু ইংল্যান্ডের জয়টা অনেক দিক দিয়েই স্মরণীয় হয়ে থাকবে। ওয়েইন রুনির পূর্বসূরি গ্যারি লিনেকারকে ছুঁয়ে ফেলা, জ্যাক উইলশেয়ারের মনে রাখার মতো দুটি গোল—২৪ বছর পর ইংল্যান্ড মৌসুমজুড়েই অপরাজিত রইল। ওদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন বেলারুশকে হারিয়েছে ১-০ গোলে। পরশু ইউরো বাছাইপর্বে অঘটন বলতে নিজেদের মাঠে অস্ট্রিয়ার কাছে রাশিয়ার ১-০ গোলে হেরে যাওয়া।
স্কোরলাইন যেমন দেখাচ্ছে, ইংল্যান্ডের ম্যাচটা রোমাঞ্চ ছড়িয়েছে তার চেয়েও বেশি। ৩৭ মিনিটে নোভাকোভিচের গোলে স্লোভেনিয়া এগিয়ে যাওয়ার পর উইলশেয়ার সমতা আনেন ৫৭ মিনিটে। ৭৩ মিনিটে আবার আর্সেনাল মিডফিল্ডার উইলশেয়ারের গোল। ১১ মিনিট পর স্লোভেনিয়া সমতা ফেরানোয় মনে হচ্ছিল ইংল্যান্ডকে ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে। কিন্তু ৮৬ মিনিটে রুনির গোলে জয় পায় ইংল্যান্ড। এই গোলেই লিনেকারের (৪৮ গোল) পাশে বসলেন রুনি, মাত্র ১ গোল সামনে স্যার ববি চার্লটনের ৪৯ গোলের ইংলিশ রেকর্ড।
ভিসেন্তে দেল বস্কের স্পেনের হয়ে শততম ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন ডেভিড সিলভা। ৪৫ মিনিটে একমাত্র গোলটি এসেছে ম্যান সিটি মিডফিল্ডারের পা থেকে। এএফপি।
এক নজরে ফল
বেলারুশ ০ : ১ স্পেন
স্লোভেনিয়া ২ : ৩ ইংল্যান্ড
রাশিয়া ০ : ১ অস্ট্রিয়া
সুইডেন ৩ : ১ মন্টেনেগ্রো
ইউক্রেন ৩ : ০ লুক্সেমবার্গ
লিথুয়ানিয়া ১ : ২ সুইজারল্যান্ড
* আগে স্বাগতিক দল