রুনি এখন ইউনাইটেডের বোঝা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বেশ জটিল প্রশ্ন। এ মুহূর্তে সম্ভবত ব্রিটিশ সংবাদমাধ্যমে সবচেয়ে আলোচিতও। আট দিনের মধ্যে টানা তিন ম্যাচে হেরেছে হোসে মরিনহোর দল। কোচের প্রতিটি সিদ্ধান্ত, প্রত্যেক খেলোয়াড়ের পারফরম্যান্সও এখন আতশি কাচের নিচে ফেলে পরীক্ষা করছে সংবাদমাধ্যম ও সমর্থকেরা। তাতে একটা নামই বারবার উঠে আসছে—ওয়েইন রুনি। ইউনাইটেডের এই দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়কেই দল থেকে ছেঁটে ফেলার দাবি উঠছে।

প্রথাগত ফরোয়ার্ড হলেও মৌসুমের শুরু থেকেই রুনি খেলছেন মিডফিল্ডে। গত মৌসুমে লুই ফন গালের ইউনাইটেডেও খেলেছেন মিডফিল্ডে, খেলেছেন ইউরোর ইংল্যান্ড দলেও। কিন্তু খেলায় পার্থক্য গড়তে পারছেন কি? ওয়াটফোর্ডের ম্যাচের স্মৃতিটাই সবচেয়ে জ্বলজ্বলে। গত রোববারের ম্যাচটিতে সব মিলিয়ে একটিই শট নিয়েছেন, সেটিও গোলমুখে ছিল না। কোনো থ্রু বল দিতে পারেননি, সরাসরি খেলায় তৈরি করতে পারেননি কোনো সুযোগ। নয়টি কর্নার ও ফ্রি-কিক থেকেও সতীর্থদের সুযোগ করে দিতে পেরেছেন মাত্র দুটি।

বলতে পারেন, নিচে নেমে খেলার কারণে আক্রমণে খুব বেশি প্রভাব না রাখতেই পারেন রুনি। কিন্তু সেই যুক্তিও ধোপে টিকবে না। ৩০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড যে দলের রক্ষণেও রাখতে পারেননি তেমন অবদান। কোনো ট্যাকল করতে পারেননি, পুরো ৯০ মিনিটে শুধু একটি শট আটকেছেন।

দলের অধিনায়কের এমন পারফরম্যান্স, প্রশ্ন তো উঠবেই। অনেক দিন ধরে ইউনাইটেডকে অনুসরণ করা টিভি উপস্থাপক জিম হোয়াইট যেমন বলেছেন, ‘অ্যালেক্স ফার্গুসন তিন বছরেরও বেশি সময় আগে বুঝতে পেরেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডে ওয়েইন রুনির জায়গা আর নেই। দৌড়ের মতো চিন্তারও গতি কমে গেছে তাঁর।’ এখানে মরিনহোর তারকা-তোষণের দায়ও দেখছেন হোয়াইট, ‘ইউনাইটেডের এই দলটার অবস্থা এখন অনেকটা কাদামাটিতে দৌড়ানোর মতো। এর বড় দায় একজনের অব্যাহত খেলে যাওয়া। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় একজন খেলছে শুধু তাঁর সুনামের কারণে।’

ডেইলি মেইল-এর তিন বিশেষজ্ঞও তাই মিডফিল্ডে রুনিকে খেলানো নিয়েই প্রশ্ন তুলছেন। সাবেক লিভারপুল মিডফিল্ডার জেমি রেডন্যাপ বলেছেন, ‘হয় ও স্ট্রাইকার হিসেবেই খেলবে, নতুবা খেলবে না। খেলোয়াড়দের তাঁদের সেরা অবস্থানেই খেলানো উচিত মরিনহোর, যেটি এ মুহূর্তে করছেন না।’ আর্সেনালের সাবেক ডিফেন্ডার মার্টিন কিওনও বলছেন, ‘ওর খেলায় আগের ধার আর নেই। মাঠের ওপরের দিকে ও প্রভাব ফেলতে পারছে না। রুনিকে ১০ নম্বর হিসেবে খেলানো ইউনাইটেডকে উল্টো পেছনে টেনে ধরছে।’

সাবেক ইংলিশ স্ট্রাইকার ক্রিস সুটন তো আরেক কাঠি সরেস। মরিনহোর ভুল কী, সেটি বোঝাতে টেনে আনলেন তাঁর ‘শত্রু’ গার্দিওলাকে, ‘যদি পেপ গার্দিওলা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতেন, ওয়েইন রুনি সেদিনই দল থেকে বাদ পড়ে যেত। সহজ ভাষায় বললে, ক্লাব ও জাতীয় দলে এখন ওর জায়গাতে আরও ভালো খেলোয়াড় আছে।’

শোনা যাচ্ছে, ড্রেসিংরুমে অসন্তোষের আশঙ্কাকে পাত্তা না দিয়ে রুনিকে লিগে পরের ম্যাচেই বাদ দিয়ে দেবেন মরিনহো। ঝড়ে তাহলে সবার আগে উপড়ে পড়ছে সবচেয়ে ‘বড় গাছ’টাই! রয়টার্স, ডেইলি মেইল।