রুনি শুধুই অধিনায়ক?

ওয়েইন রুনির পায়ের নিচের মাটিটা হঠাৎ করেই যেন একটু একটু করে সরে যাচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বশেষ তিন ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি, মাঠে নেমেছেন বদলি হয়ে। ক্লাব দলে আর অপরিহার্য নন, জাতীয় দলেও জায়গা নিয়ে প্রশ্ন উঠে যেতে পারত। আপাতত সেই দুশ্চিন্তা নেই, ভারপ্রাপ্ত কোচ গ্যারেথ সাউথগেট অধিনায়ক হিসেবে আস্থা রাখছেন তাঁর ওপরই।
ইংল্যান্ড দলের অধিনায়কত্বের বন্ধনী অনেক দিন ধরেই রুনির হাতে। দেশের হয়ে ১১৬টি ম্যাচ খেলে ফেলেছেন, গোলরক্ষক বাদে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তাঁর। এই দলে ৫০টির ম্যাচ খেলেছেন আর মাত্র দুজন—গ্লেন জনসন ও জো হার্ট। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও রুনি। তবে গোল করার চেয়ে করানোর কাজটাই এখন করতে হচ্ছে। ক্লাবের হয়ে তো বটেই, জাতীয় দলের হয়ে ইউরোতেও মধ্যমাঠে খেলেছেন। সাউথগেট অবশ্য পরিষ্কার করে কিছু বলছেন না, ‘আমি হোসের (মরিনহো) বিপক্ষে কিছু বলতে চাই না, তবে আমার মনে হয় ওয়েইন অনেকগুলো পজিশনেই খেলতে পারে।’
কিন্তু ক্লাবেই যখন রুনি নিজেকে হারিয়ে খুঁজছেন, জাতীয় দলে কি সেই ফর্ম ফিরে পাবেন? তবে সাউথগেট নিশ্চিত করলেন আপাতত ফর্ম নয়, নেতৃত্বগুণের কারণেই রুনিকে দলে নেওয়া হয়েছে, ‘এই মুহূর্তে ওয়েইন আমাদের সবচেয়ে যোগ্য নেতা। এবং এই সিদ্ধান্ত বদলানোর কোনো কারণ হয়নি। আমি সবার সঙ্গে কথা বলে ব্যাপারটা পরিষ্কার করেছি।’
কিন্তু ইংল্যান্ড দলে রুনি কি প্রথম একাদশে জায়গা পাবেন? সাউথগেটের কথায় ইংল্যান্ড অধিনায়ক একটু অশনিসংকেত পেতে পারেন, ‘আমার মনে হয় মাঠে না থেকেও নেতৃত্ব দেওয়া সম্ভব। তার মানে এই নয় যে এই সপ্তাহেই সেটি হবে। আমার মনে হয় দলে না থেকেও কেউ অধিনায়ক হতে পারে। আপনার নেতৃত্ব যদি শুধু মাঠের খেলোয়াড়দের জন্য হয়, তাহলে সেটি এ রকমের দুর্বলতা।’
আগামীকাল শনিবার মাল্টার সঙ্গে নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে ইংল্যান্ড। পরের ম্যাচটি খেলতে উড়ে যেতে হবে স্লোভেনিয়া। এএফপি।