রুনিকে ছাড়াই ভালো ইউনাইটেড?

চোটটা পেয়েছিলেন লেস্টার সিটির বিপক্ষে গত শনিবারের ম্যাচে। গোড়ালির সেই চোট ওয়েইন রুনিকে ছিটকে দিয়েছে মাঠ থেকে। আজ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের বিপক্ষে তো খেলতে পারবেনই না, মঙ্গলবার ভলফসবুর্গের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও রুনিকে ম্যানচেস্টার ইউনাইটেড পাবে কি না সে শঙ্কা কিন্তু রয়ে যাচ্ছেই। শঙ্কা যদিও আছে, কিন্তু রুনিকে ছাড়াই ম্যানচেস্টার ইউনাইটেড ভালো খেলে কিনা, সে আলোচনাটাও মেলে যাচ্ছে ডাল-পালা।
পরিসংখ্যানই আসলে এমন আলোচনার পক্ষে যুক্তি তুলে ধরছে। সব ধরনের প্রতিযোগিতা মিলে এ মৌসুমে রুনি ইউনাইটেডের হয়ে ২০টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন মাত্র ৭টি! সেই ৭ গোলের তিনটি আবার চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে ক্লাব ব্রুজের বিপক্ষে। শুধু তাই নয়, পরিসংখ্যান দেখে মনে হতে পারে, লুই ফন গালের এই ম্যানচেস্টার ইউনাইটেড তো ওয়েইন রুনিকে ছাড়াই ভালো খেলে।
এমন পরিসংখ্যানে আপনার বিশ্বাস নাও থাকতে পারে। কিন্তু ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট অপ্টারের দেওয়া একটি তথ্যে চোখ বুলিয়ে নিতে পারেন। ফন গাল যুগে রুনিকে ছাড়া প্রিমিয়ার লিগে ৭ ম্যাচ খেলেছে ইউনাইটেড। এই ম্যাচগুলোর একটিতেও হারেনি দল। জয় পেয়েছে চারটিতে, ড্র তিনটি।
অন্যদিকে এ মৌসুমে রুনি ইউনাইটেডের হয়ে লিগে খেলেছেন ১২টি ম্যাচ। ৬টি জয়, ৪টি ড্রয়ের পাশাপাশি আছে ২টি হারও।
রুনিকে ছাড়া ইউনাইটেড খারাপ খেলছে, এ কথা আপনি বলবেন কীভাবে! ডেইলি মিরর।