
সেতারের একটা তার যদি ছিঁড়ে যায়, তাহলে কী হবে? পুরো সেতারই বেসুরো হয়ে যাবে। ওয়েইন রুনি কি ম্যানচেস্টার ইউনাইটেডের সেই ‘ভুল তার’? কয়েক ম্যাচ টানা হারের পর রুনিকে নিয়ে যখন প্রশ্ন চিহ্ন, হোসে মরিনহো কাল বেঞ্চে বসিয়ে রাখলেন ইউনাইটেড অধিনায়ককে। কী আশ্চর্য, খাবি খেতে থাকা ইউনাইটেডও জেগে উঠল, চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফিরল জয়ের ধারায়। পুরোনো ক্লাবে ফিরে প্রথমবারের মতো গোল পেলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় পল পগবা।

ইউনাইটেডে এর আগে লিগের ১১৯টি ম্যাচে শুধু তিনবারই বেঞ্চে বসে ছিলেন রুনি। ‘দলে কেউই অপরিহার্য নয়’ বলে মরিনহো পরশুই আভাস দিয়েছিলেন রুনিকে বসিয়ে রাখার। রুনিবিহীন ইউনাইটেড কাল যে খেলাটা খেলল, তা দেখে কারও মনে হতেই পারে, এই দলটাই কি আট দিনের মধ্যে তিনটা ম্যাচ হেরেছে? প্রথমার্ধেই লেস্টারকে ছিন্নভিন্ন করে দিয়েছে ইউনাইটেড, চারটি গোলই হয়েছে ৪২ মিনিটের মধ্যে। ২২ মিনিটে ক্রিস স্মলিংয়ের গোলে শুরু, এরপর ব্যবধান বাড়িয়েছেন হুয়ান মাতা, মার্কাস রাশফোর্ড ও পল পগবা। চারটি গোলের তিনটিই কর্নার থেকে, মাতার গোলটা এই মৌসুমের সেরা দলীয় গোলগুলোরই একটি। লিগে সর্বশেষ সেই ২০০১ সালে প্রথমার্ধে চার গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে ডেমারাই গ্রের দুর্দান্ত গোলটা শুধু লেস্টারের জন্য সান্ত্বনাই হতে পেরেছে।
কিন্তু সবকিছু ছাপিয়ে বড় প্রশ্ন, রুনির ক্যারিয়ার কি হুমকির মুখে? মরিনহো অবশ্য ম্যাচ শেষে উড়িয়ে দিয়েছেন কথাটা, ‘রুনি একদমই অখুশি নয়। সে দলের জন্য এখনো বড় খেলোয়াড়। আমি ওকে পুরোপুরি বিশ্বাস করি।’ মরিনহো কথাটা মন থেকে বলেছেন তো? এএফপি।