রুনির অন্য রকম 'সেঞ্চুরি' উদযাপন

স্মৃতি সতত সুখের। স্মৃতি রোমন্থন করতে কার না ভালো লাগে! ওয়েইন রুনিরও নিশ্চয় লাগছে। পুরোনো দিনে ফিরে যাওয়ার দারুণ এক সুযোগ পেয়েছেন ইংলিশ অধিনায়ক। সব ঠিক থাকলে আগামী শনিবারই ইউরো বাছাইয়ে স্লোভেনিয়ার বিপক্ষে ইংলিশদের হয়ে নিজের ১০০তম ম্যাচটা খেলতে নামবেন রুনি। কিন্তু তার আগেই অন্য রকম এক ‘সেঞ্চুরি’ উদযাপন করলেন ইউনাইটেড তারকা।
শৈশবে রুনি পড়েছেন লিভারপুলের আওয়ার লেডি অ্যান্ড সেন্ট সুইদিনস ক্যাথোলিক প্রাইমারি স্কুলে। সেখানেই ইউনাইটেড তারকার স্বপ্নের শুরু। এরপর কেবল এগিয়ে চলা। অতঃপর আজকের এ অবস্থান। ভোলেননি, ২৯ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার শৈশবের স্মৃতি ভোলেননি। ইংল্যান্ডের জার্সিতে শততম ম্যাচ খেলার আগে সেঞ্চুরি উদযাপন করতে চলে গেলেন শৈশবের সেই স্কুলে।
স্কুলের হলরুমে ৯৯ শিক্ষার্থীর মাঝে ছবি তুললেন। মেতে উঠলেন বাচ্চাদের সঙ্গে মজার আড্ডায়। ক্ষণিকের জন্য যেন ছোট্টটি হয়ে গেলেন রুনি! প্রিয় তারকাকে এত কাছে পেয়ে কত প্রশ্ন শিশুদের! ছবি তোলা হলো, অটোগ্রাফ না হলে চলে কী করে! সেটাও হলো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রুনি নিজের স্বপ্ন বাস্তবায়নের গল্প শোনালেন কোমলমতি শিশুদের।
ইংলিশ অধিনায়ক বললেন, ‘শৈশবের স্কুলে যাওয়াটা ছিল আমার জন্য বিশেষ কিছু। সেখানে সাবেক কয়েকজন শিক্ষকের সঙ্গে দেখা হলো। আমাকে তাঁরা পড়িয়েছেন। শিশুদের উচ্ছ্বাস দেখে খুব ভালো লাগল। এখান থেকেই তো আমার যাত্রা শুরু। এ স্কুলে পড়ার সময়ই প্রথম বলে কিক মেরেছিলাম। শিশুদের চোখে দেখলাম স্বপ্নের আঁকিবুকি। তারা সবাই ফুটবলার হতে চায়। ওরা খেলতে ভালোবাসে। আমিও এমনটাই ছিলাম। পেশাদার ফুটবলার হতে চেয়েছিলাম। সেটা আমি হতে পেরেছি। জাতীয় দলের অধিনায়ক হয়েছি। এখন শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে। সত্যি অন্য রকম এক অনুভূতি।’মেইল অনলাইন।