ধ্বংসের মুখে পৃথিবী, শঙ্কিত সভ্যতা। পৃথিবীকে বাঁচাতে প্রফেসর জেভিয়ারের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলছে মিউট্যান্টদের গোপন সংগঠন এক্সম্যান। কিন্তু সুপারভিলেন এপোক্যালিপসের ক্রোধের সামনে তাঁরাও কোনো কুল পাচ্ছেন না। প্রফেসর এক্স তাই শুরু করলেন নতুন মিউট্যান্টের খোঁজ, যাঁরা অনন্য ক্ষমতার অধিকারী। যাঁদের মনঃসংযোগ, একাগ্রতাই পারবে পৃথিবীকে বাঁচাতে। জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ এক্সম্যানের সর্বশেষ ছবির ট্রেলারে দেখানো হলো এটা। ইংল্যান্ডের বিশেষ ট্রেলারে অবশ্য মিউট্যান্টদের খোঁজ চালাতেই দেখা মিলল ওয়েইন রুনির! প্রফেসর এক্স তাঁর সাহায্য চাইতেই উত্তর, ‘দলের জন্য যেকোনো কিছু!’ কিন্তু সুপারভিলেনের নাম শুনতেই রুনি একটু আটকে গেলেন, ‘এপো...কে?’ রুনির কাঠ কাঠ অভিনয় দর্শক খুব একটা টানতে পারেনি। পর্দায় রুনির ক্ষণিকের এ উপস্থিতিকেই ইতিহাসের সবচেয়ে বাজে অভিনয়ের স্বীকৃতি দেওয়া হয়েছে! টেলিগ্রাফ অনলাইন।