রুনির ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচ্ছা, সুদের হার যা ইচ্ছা ধরে নিয়ে ১৫ বছরে ৪০ পাউন্ড ঋণ সুদে-আসলে কত হতে পারে? আপনার কল্পনার সীমা ছাড়ানো উত্তরটা হচ্ছে ১২ লাখ পাউন্ড! মজা করেই বলেছেন পল গ্যাসকোয়েন। গত পরশু একটি ফুটবল বিশ্লেষণমূলক অনুষ্ঠানে ওয়েইন রুনির কথা বলতে গিয়ে এমনই দাবি করেছেন সাবেক ইংলিশ মিডফিল্ডার। ২০০০ থেকে ২০০২ পর্যন্ত এভারটনের হয়ে খেলেছেন ‘গাজ্জা’। ওই সময়ে ইংলিশ ক্লাবটির যুব দলে খেলছিলেন ওয়েইন রুনি। ১৪ বছর বয়সেই সুযোগ পেয়ে গিয়েছিলেন ক্লাবের অনূর্ধ্ব-১৯ দলে। এভারটনের যুব দলগুলোর ম্যাচ দেখার অভ্যাস ছিল গ্যাসকোয়েনের। সেখানেই এক ম্যাচে পরিচয় পেয়েছিলেন রুনির প্রতিভার। দুর্দান্ত দুটি গোল করে হারতে বসা দলকে জিতিয়েছিলেন রুনি। ম্যাচ শেষে রুনির সঙ্গে দেখা করে হালকা গলা ভেজানোর জন্য ধার দিলেন ৪০ পাউন্ড। সেটাই নাকি সুদে-আসলে হয়েছে ১২ লাখ পাউন্ড! ডেইলি মেইল অনলাইন।