রুনির পেনাল্টিতে জয় ইংল্যান্ডের

ওয়েম্বলির দর্শকদের খুব একটা খুশি করতে পারেনি ইংল্যান্ড। ইউরো-১৬-এর বাছাইপর্বে মাঠে নামার আগে খুব একটা আত্মবিশ্বাসও বোধ হয় তুলে নেওয়া যাচ্ছে না এই ম্যাচে। নরওয়ের বিপক্ষে গোল খরার এই ম্যাচে অধিনায়ক ওয়েইন রুনির পেনাল্টি শেষ অবধি মান বাঁচিয়েছে থ্রি-লায়নসদের। ইংল্যান্ড জিতেছে ১-০ গোলের ন্যূনতম ব্যবধানে।
বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নেওয়ার পর কালই ছিল ইংল্যান্ডের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। নতুন চেহারার ইংলিশ দল কাল ভালো পরীক্ষাই দিয়েছে স্ক্যান্ডেনেভিয়ান প্রতিপক্ষের বিপক্ষে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল ব্ল্যাকবার্ন রোভার্সের জোশুয়া কিংয়ের একটি দুর্দান্ত হেড গোলরক্ষক জো হার্ট ঠেকিয়ে না দিলে খেলার ফলাফল অন্য রকমও হতে পারত। খেলার ৬৮ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিংকে নরওয়ের ওমর এলাবেদেল্লাউই ডি-বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় ইংল্যান্ড। সেই পেনাল্টিই কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ওয়েইন রুনি। শেষ পর্যন্ত রুনির এই পেনাল্টি গোলই ইংলিশদের জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।
ইংল্যান্ড আগামী সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে ইউরো-১৬ বাছাইপর্বে গ্রুপ-ই’তে মাঠে নামবে। গ্রুপ এইচে নরওয়ে মুখোমুখি হবে গত ইউরোর রানার্সআপ ইতালির।