রুনির বিরহে মরিনহো
ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে তিনি ওয়েইন রুনি হয়ে উঠেছেন। কিন্তু তাঁর প্রথম প্রেম তো এভারটন। কৈশোরের সেই ক্লাবে ফিরে রোমাঞ্চিত রুনি। সেই রোমাঞ্চের সঙ্গে এবার একটা বাড়তি আবেগও যোগ হয়েছে। এভারটনের জার্সি গায়ে আজ ইউরোপে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ ফরোয়ার্ডের।
২০০৪ সালে এই এভারটন ছেড়েই যোগ দিয়েছিলেন ইউনাইটেডে। পরের ১৩ বছরে ইউনাইটেডের হয়ে জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য প্রায় সব শিরোপা। কিংবদন্তি ববি চার্লটনকে ছাড়িয়ে হয়েছেন ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। সেই রুনি এই মৌসুমে আবার ফিরেছেন এভারটনে। ফ্রি-ট্রান্সফারে তাঁকে ছেড়ে দিলেও রুনির বিদায় আবেগাপ্লুত করেছে ইউনাইটেড কোচ হোসে মরিনহোকে। শুধু একজন ফরোয়ার্ডই নন, রুনি ছিলেন তাঁর দলের অধিনায়কও। খেলোয়াড় রুনির পাশাপাশি মানুষ রুনিকেও নিয়ে মরিনহোর অনেক মুগ্ধতা। সব মিলিয়ে ইংলিশ এই ফরোয়ার্ডের বিদায়ে কিছুটা বিমর্ষ মরিনহো, ‘আমি ওকে অনেক মিস করি, ও একজন দারুণ মানুষ। সাধারণত পেশার ক্ষেত্রে কিছু নিয়ে আমি খুব একটা আবেগাপ্লুত হই না। কিন্তু রুনি যখন চলে গেল, আমার ভীষণ মন খারাপ হয়েছে। আমি নিশ্চিত, এভারটনে সে খুব ভালো করবে।’
এভারটনের বয়সভিত্তিক দল থেকে মূল দলে আসার পর দুই বছর খেলেছেন। তবে তখন সৌভাগ্য হয়নি এভারটনের জার্সিতে ইউরোপে খেলার। এবার সেই সৌভাগ্যটা হচ্ছে। ইউরোপা লিগের বাছাইপর্বে আজ এভারটনের প্রতিপক্ষ স্লোভাকিয়ার ক্লাব রোজোম্বেরক। প্রিয় ক্লাবের জার্সিতে ইউরোপে খেলবেন ভেবে দারুণ রোমাঞ্চিত রুনি, ‘আগে কখনো এই সৌভাগ্য হয়নি বলে হতাশ ছিলাম। কিন্তু এখন আমার সুযোগ এসেছে। আমি অবশ্য সর্বশেষ মৌসুমেই ইউনাইটেডের হয়ে এটি (ইউরোপা কাপ) জিতেছি। দেখি, এবার এভারটনের হয়ে কত দূর যেতে পারি।’ এএফপি, গোল ডটকম।