রুনির ভুতুড়ে গোল!

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনালে ৬৪ মিনিটে অ্যাশলে ইয়ংয়ের দূরপাল্লার ক্রসটি লিভারপুলের গোলবারের পেছনে লেগে ফিরে এল ওয়েইন রুনির পায়ে। দারুণ ফিনিশিংয়ে গোল! সতীর্থদের সঙ্গে উদযাপনে মাতলেন ইউনাইটেড তারকা। এ সময় রেফারির কাছ থেকেও কোনো আপত্তি এল না। টিভি স্কোরলাইনেও পরিবর্তন—ম্যানচেস্টার ইউনাইটেড ৩:১ লিভারপুল। পরে জানা গেল, রুনির গোলটি হয়নি। অতঃপর গোল বাতিল!

ইয়ংয়ের ক্রসটি গোলবার পেরিয়ে লেগেছিল গোললাইনের পেছনের দণ্ডে। অর্থাত্ বল টাচলাইনের বাইরে। সেই বল মাঠের ভেতর ফিরে এলে গোল হওয়ার নিয়ম নেই। ইয়ংয়ের ক্রসটি এত ওপর দিয়ে গেছে, সিমন মিগনোলেটেরও করার কিছু ছিল না। যখন রেফারি মার্ক গাইগার গোলটি দিয়ে দিলেন, লিভারপুল গোলরক্ষক ছুটে গেলেন লাইনসম্যানের কাছে। পরে লাইনসম্যান বড় পর্দায় রিপ্লে দেখে রেফারিকে জানালেন গোলটি হয়নি। শেষ পর্যন্ত স্কোরলাইন ৩-১ নিয়েই মাঠ ছেড়েছে রেড ডেভিলরা। সূত্র: মেইল অনলাইন ও ফক্স স্পোর্টস।