রুনির রেকর্ড
একটি গোল করেছেন ওয়েইন রুনি, তাতেই একটি রেকর্ড। আরেকটি রেকর্ডও অপেক্ষায়, সে জন্য ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারকে করতে হবে আরেকটি গোল।
এমন সন্ধিক্ষণে রুনিকে দাঁড় করিয়েছে পরশু ইউরোপা লিগে ফেইনুর্ডের সঙ্গে ম্যাচটি। ইউনাইটেড জিতেছে ৪-০ গোল, গোল-উৎসবের শুরু রুনিকে দিয়ে। আর এক গোলেই ইউনাইটেড জার্সিতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল হলো ইংলিশ স্ট্রাইকারের (৩৯ গোল), পেছনে ফেলে দিলেন রুড ফন নিস্টলরয়কে।
বড় আরেকটি ক্লাব রেকর্ডও হাতছানি দিচ্ছে ৩১ বছর বয়সী স্ট্রাইকারকে। ইউনাইটেডের জার্সিতে রুনির গোল এখন ২৪৮টি, আর এক গোল হলেই ছুঁয়ে ফেলবেন ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা স্যার ববি চার্লটনকে।
হারলে গ্রুপপর্ব থেকেই বাদ—এমন শঙ্কা নিয়ে খেলতে নেমে মরিনহোর দল পেল স্বস্তির জয়, হলো রুনির রেকর্ড। ৩৫ মিনিটে রুনির পর দ্বিতীয়ার্ধে গোল করেছেন হুয়ান মাতা ও জেসি লিনগার্ড। ইউনাইটেডের তৃতীয় গোলটি আত্মঘাতী।
এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট হলো ইউনাইটেডের। গ্রুপের শেষ ম্যাচে জোরিয়ার মাঠে ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত। এএফপি।