রুনির রেকর্ডে অ্যালারডাইসের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্লোভাকিয়ার মাঠেই আজ শুরু হচ্ছে ইংল্যান্ডের ২০১৮ বিশ্বকাপ অভিযান। তার আগে অনুশীলনে মগ্ন (ডান থেকে) ভার্ডি-হেন্ডারসন–রুনি-আলিরা। কাল মধ্য ইংল্যান্ডের সেন্ট জর্জ পার্কে l এএফপি
স্লোভাকিয়ার মাঠেই আজ শুরু হচ্ছে ইংল্যান্ডের ২০১৮ বিশ্বকাপ অভিযান। তার আগে অনুশীলনে মগ্ন (ডান থেকে) ভার্ডি-হেন্ডারসন–রুনি-আলিরা। কাল মধ্য ইংল্যান্ডের সেন্ট জর্জ পার্কে l এএফপি

দিন দুয়েক আগে অধিনায়ক নির্বাচিত হওয়ার পরই ঘোষণা দিয়েছেন, রাশিয়া বিশ্বকাপের পরই বিদায় বলে দেবেন ইংল্যান্ড দলকে। তবে তার আগে বিশ্বকাপে তো দলকে নিয়ে যেতে হবে ওয়েইন রুনির। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন সেই চ্যালেঞ্জ শুরু রুনিদের।
নয়টি গ্রুপে ৫৪ দলের বাছাইপর্বের শুরুর দিনে আজ ইংল্যান্ডের পাশাপাশি মাঠে নামছে দুটি দল জার্মানি ও পোল্যান্ড। ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানি খেলবে নরওয়ের মাঠে। রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড খেলবে কাজাখস্তানে গিয়ে।
এক দিক থেকে ভাবলে, ম্যাচটা রুনির শেষের শুরু। মধ্য বিকেল থেকে গোধূলির পথে যাত্রা শুরুর মতো। তবে অন্য একটা কারণে ম্যাচটি বেশি স্মরণীয় হয়ে থাকবে ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের কাছে। স্লোভাকিয়ার আন্তোনা মালাতিনস্কেহো মাঠে আজ নামলেই যে ইংল্যান্ডের জার্সিতে একটা রেকর্ড হয়ে যাবে রুনির—ডেভিড বেকহামকে ছাড়িয়ে ইংল্যান্ডের ‘আউটফিল্ড’ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১১৬ ম্যাচ খেলার রেকর্ড।
রুনির রেকর্ড এক পাশে রেখে ইংল্যান্ড অবশ্য ম্যাচটাকে দেখছে নতুন শুরুর উপলক্ষ হিসেবে। নতুন কোচ স্যাম অ্যালারডাইসের অধীনে এটিই প্রথম ম্যাচ। আইসল্যান্ডের কাছে লজ্জাজনক হারে ইউরোর শেষ ষোলো থেকে বাদ পড়েছিল ইংল্যান্ড। সেই হতাশা ভোলার অভিযান এই ম্যাচ দিয়ে শুরু রুনিদের।
তো কেমন হবে ‘বিগ স্যামে’র প্রথম একাদশ? গুঞ্জন আছে, আইসল্যান্ড ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আসছে—বাদ পড়ছেন ক্রিস স্মলিং, ডেলে আলি ও ড্যানিয়েল স্টারিজ। দলে ঢুকছেন জন স্টোনস, জর্ডান হেন্ডারসন ও অ্যাডাম লালানা। ৪-২-৩-১ ছকে রুনি ‘নাম্বার টেন’ ভূমিকায়, স্ট্রাইকার থাকছেন টটেনহামের হ্যারি কেন।
তবে দল যেমনই হোক, লক্ষ্য অভিন্ন অ্যালারডাইসের, ‘আমার কাছে ব্যাপারটা শুধু দেশের প্রতি খেলোয়াড়দের আবেগ দেখানোর নয়, আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা প্রমাণেরও।’ জয় ছাড়া ভিন্ন ফল যে ইংলিশ সমর্থকেরা মেনে নেবেন না, সেটিও জানেন ইংল্যান্ড কোচ, ‘অনেক চাপ! একেবারে কম চাওয়া বললেও সেখান থেকে (স্লোভাকিয়া) ভালো ফল নিয়ে আমাদের ফিরতে দেখতে চায় সবাই।’
বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিরও আজ এক অর্থে নতুন শুরু। ২০১৪ বিশ্বকাপের পরই অবসর নিয়েছেন লাম, ক্লোসা, মার্টেসেকার। আর ইউরো শেষে লুকাস পোডলস্কির পর পরশু অবসর নিলেন বাস্তিয়ান শোয়েইনস্টাইগারও। এই পাঁচজন মিলিয়েই তো আন্তর্জাতিক পর্যায়ে ৬০৪ ম্যাচের অভিজ্ঞতা চলে গেল জার্মানি দল থেকে। দলের ম্যানেজার অলিভিয়ের বিয়েরহফও তাই বলছেন, ‘একটা নতুন চক্র শুরু হচ্ছে এখন।’
তবে কোচ জোয়াকিম লোর স্বস্তি, জার্মানির তরুণ খেলোয়াড়েরাও প্রস্তুত দায়িত্বটা কাঁধে তুলে নিতে। তারুণ্যেই আস্থা খুঁজে নিচ্ছেন জার্মান কোচ, ‘তরুণ খেলোয়াড়দের সুযোগ আমি বাড়াতে চাই। এখন থেকে দরজাটা সবার জন্য খোলা।’ তবে বয়সে তরুণ হলেও আজ নরওয়ের বিপক্ষে দলের শক্তি নিয়ে কোনো সংশয় নেই লোর, ‘আমরা অনেক শক্ত দলই নামাব। এবং আমরাই জিতব।’ এএফপি।
মুখোমুখি আজ
বিশ্বকাপ বাছাইপর্ব: ইউরোপ
কাজাখস্তান-পোল্যান্ড
ডেনমার্ক-আর্মেনিয়া
স্লোভাকিয়া-ইংল্যান্ড
নরওয়ে-জার্মানি
চেক প্রজাতন্ত্র-উত্তর আয়ারল্যান্ড
(স্বাগতিক দল প্রথমে)