রুনির রেকর্ডের রাত

স্ত্রী কলিন রুনি মুঠোফোনে ছবি তুলে যাচ্ছেন। বাবার কোলে দেড় বছরের ক্লে। পাঁচ বছরের কাইয়ের গায়েও ইংল্যান্ডের জার্সি, তাতে লেখা ‘ড্যাডি ১০০’। ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলবেন বাবা রুনি, ছেলেরা আসবে না, তা হয় নাকি! ক্লে আর কাইকে নিয়ে পরে মাঠে ঢুকেছেন রুনি। তাঁর হাতে সোনালি ক্যাপ তুলে দিলেন পূর্বসূরি ববি চার্লটন। ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলা তিনিও একজন। তবে গত মাসে ২৯ পেরোনো রুনি এই মাইলফলকটা ছুঁয়েছেন সবচেয়ে কম বয়সে।
উপলক্ষটা স্মরণীয় করে রাখলেন ইংল্যান্ড স্ট্রাইকার। ইউরোর বাছাইপর্বে স্লোভেনিয়ার বিপক্ষে জর্ডান হেন্ডারসনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন রুনিই। পরে ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে ইংল্যান্ড জিতেছে ৩-১ ব্যবধানে।
জাতীয় দলের জার্সিতে ৪৪ গোল হলো রুনির। ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জিমি গ্রিভসের সঙ্গে যৌথভাবে আছেন তিনে। সামনে গ্যারি লিনেকার (৪৮) ও ববি চার্লটন (৪৯)। ইংল্যান্ড অধিনায়কের কণ্ঠে প্রত্যয়, ‘আমার জন্য এটা স্মরণীয় রাত, শততম ম্যাচ খেললাম, গোল পেলাম। আশা করি, আরও গোল পাব।’
এ জয়ে ইউরোর বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল ইংল্যান্ড। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকায়ও শীর্ষে রয় হজসনের দল।
জয় পেয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও। ইসকো, সার্জিও বুসকেটস ও পেদ্রোর গোলে স্বাগতিক স্পেন ৩-০ গোলে হারিয়েছে বেলারুশকে। এএফপি, ফিফা।