রুনির লাল কার্ড নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন রুনি
লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন রুনি

সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠতেই খেঁকিয়ে উঠলেন লুই ফন গাল, ‘কিছুই বুঝতে পারেননি আপনি। প্রশ্নটাও যাচ্ছেতাই। উত্তরটা দিতে আমি বাধ্য নই।’ তা ম্যানচেস্টার ইউনাইটেড কোচ প্রশ্নকর্তার ওপর এত চটলেন কেন? কেননা তিনি প্রশ্ন করেছিলেন ওয়েইন রুনিকে অধিনায়ক করাটা বিবেচনাপ্রসূত হয়েছে কি না!

তবে ইউনাইটেড কোচ মানুন আর না-মানুন, তাতে পরশু ওয়েস্ট হামের সঙ্গে ম্যাচ রুনি যেভাবে ফাউল করে লাল কার্ড দেখেছেন ওই প্রশ্নটা উঠতেই পারে। স্টুয়ার্ট ডাউনিং যখন বলটা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সামনে ইউনাইটেডের চারজন ডিফেন্ডার। রুনির মাথায় কী ভূত চেপেছিল কে জানে, সোজা এসে পেছন থেকে পা চালিয়ে দিলেন ডাউনিংয়ের ওপর। একেবারে পেশাদার ফাউল। রেফারির লাল কার্ড না দেখিয়ে উপায় ছিল না।

ফন গাল অবশ্য স্বীকার করছেন, সিদ্ধান্তটা সঠিক ছিল। তবে সাফাই গাইলেন অধিনায়কের পক্ষে, ‘এটা শুনতে হয়তো ভালো লাগবে না। তবে জেনে থাকবেন পেশাদার ফুটবলে পেশাদার ফাউলই আপনাকে করতে হবে। আজই আমি পাঁচ বা ছয়বার এটা দেখেছি। রুনিও ও রকম একটা ফাউল করেছে। তবে সমস্যা হচ্ছে, সে ওটা করেছে প্রতিহিংসামূলকভাবে। ওটাই তার ভুল হয়েছে। কিন্তু আমি এ রকম পেশাদার ফাউল হলুদ বা লাল কার্ড ছাড়াই পার পেতে দেখেছি, এ ব্যাপারটাই একটু অবাক করেছে।’ ফন গালকে অবাক হতে হয়েছে আগেই, ম্যাচ শেষে রুনি যখন কোচকে বলেছেন জেনে-বুঝেই তিনি ওটা করেছেন।

অথচ লাল কার্ড পাওয়ার অভিজ্ঞতাটা একরকম ভুলে যেতে বসেছিলেন রুনি। ইউনাইটেডের হয়ে সর্বশেষ লাল কার্ড দেখেছিলেন ফুলহামের সঙ্গে ২০০৯ সালে। সব মিলিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবার হলো এই অভিজ্ঞতা, ইউনাইটেডের হয়ে তৃতীয়বার। নিষিদ্ধ হওয়ায় এখন এভারটন, ওয়েস্ট ব্রম ও চেলসির সঙ্গে সামনের তিনটি ম্যাচে খেলতে পারবেন না রুনি। এএফপি।