রুনির সঙ্গে নিজেকে মেলাচ্ছেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের উষালগ্ন থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলছেন লিওনেল মেসি। রেকর্ড গড়তে হলে একটু ভিন্ন কিছু যে লাগে সেটি তাঁর চেয়ে ভালো আর কে জানে! সেই উপলব্ধি থেকেই আর্জেন্টাইন অধিনায়ক প্রশংসায় ভাসালেন ওয়েইন রুনিকে। স্যার ববি চার্লটনকে টপকে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫০ গোলের রেকর্ড গড়া ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার মেসির চোখে এক ‘যুগস্রষ্টা’ খেলোয়াড়। ‘ওয়েইন রুনির মতো খেলোয়াড় প্রজন্মে একবার আসে। ও বিশেষ খেলোয়াড়দের একজন, যার সঙ্গে অন্য কারও তুলনা চলে না’—ডেইলি মিরর মেসিকে উদ্ধৃত করেছে এভাবেই।
ক্লাবের হয়ে সফল হলেও দুজনই এখনো দেশের হয়ে কিছু জিততে পারেননি। কদিন আগেই রুনি বলেছিলেন, সবগুলো গোলের বিনিময়ে হলেও ইংল্যান্ডের হয়ে একটি ট্রফি জিততে চান। মেসিও জানেন রুনি দেশের হয়ে বড় কোনো শিরোপা জিততে কতটা ব্যাকুল, ‘রুনি সব সময় জয়ের জন্যই খেলে। আর্জেন্টিনার জার্সিতে আমার জন্যও ব্যাপারটি যেমন—ম্যাচ ও গোলের রেকর্ড কিছুই না, যদি এগুলোর পাশে কোনো ট্রফি না থাকে।’
রুনির মতো দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার কাছাকাছি মেসিও। গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে (৫৬ গোল) ছুঁতে তাঁর গোল দরকার আর সাতটি। তারপরও আর্জেন্টিনার জার্সি গায়ে যেন ঠিক স্বস্তিতে নেই মেসি। বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালে হারের পর কড়া সমালোচনার মুখোমুখি হয়েছেন নিজের দেশেই। তবে মাঠের অধিনায়ক পরিণতিবোধটা দেখাচ্ছেন মাঠের বাইরেও। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এত সমালোচনা সত্ত্বেও আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিই দিলেন আবার, ‘আর্জেন্টিনার হয়ে এত দিন খেলেও আমরা কিছু জিততে পারিনি, সেই হতাশা তো আছেই। শিরোপার খুব কাছাকাছিও গিয়েছিলাম। তবে আমাদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। কোচ যত দিন আমাকে চাইবেন, কখনোই তাঁকে “না” বলব না আমি।’ গোলডটকম।