রুনির সামনে ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েইন রুনি
ওয়েইন রুনি

চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনার তির। ‘গোল চাই, গোল চাই’—ক্যাসেটই বাজানো হচ্ছে যেন ওয়েইন রুনির কানের কাছে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লিগে এই মৌসুমে গোল পাননি, মাঠেও নিজেকে হারিয়ে খুঁজছেন। অহর্নিশ এই চাপের মধ্যেই স্মরণীয় একটা মাইলফলক গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি। আগামীকাল ইউরো বাছাইপর্বে দুই গোল করলেই ববি চার্লটনকে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বকালের সেরা গোলদাতা হয়ে যাবেন রুনি।
বর্তমানে যে ফর্ম চলছে, তাতে দুই গোল করা রুনির জন্য একটু কঠিনই। তবে প্রতিপক্ষ যখন সান ম্যারিনো, সেটা করা খুবই সম্ভব। র্যা ঙ্কিংয়ের ১৯৩-তে থাকা সান ম্যারিনো গত ১০ বছরে জয়ই পেয়েছে মাত্র একটি! ইংল্যান্ডের সঙ্গে আগের পাঁচবারের দেখায় ‘মাত্র’ ৩১ গোল খেয়েছে—দুই দলের শক্তির ব্যবধান কতটা তা বোঝাই যাচ্ছে।
রুনির বড় ভরসা আসলে অন্য জায়গায়। ইউনাইটেডের হয়ে যেমনই হোক, ইংল্যান্ডের হয়ে গোলের দেখা পাচ্ছেন নিয়মিতই। ইউরো বাছাইয়ের সর্বশেষ ৫ ম্যাচেই গোল পেয়েছেন, ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ১২ ম্যাচে তাঁর গোল ৯টি। আজ জিতলে ইংল্যান্ড পরের বছর ইউরোর চূড়ান্ত পর্ব প্রায় নিশ্চিত করে ফেলবে। রুনির জন্য মঞ্চটা এর চেয়ে ভালোভাবে আর সাজানো থাকতে পারত না!
কাকতালীয় যে, চার্লটন তাঁর ৪৯ গোল করেছিলেন ১০৬ ম্যাচে। আজকের ম্যাচটাও ইংল্যান্ডের হয়ে রুনির ১০৬তম ম্যাচ! রুনি নিশ্চিতভাবেই ইংল্যান্ডের হয়ে তাঁর গোলসংখ্যা আরও বাড়িয়ে নেবেন। ইংল্যান্ড-সতীর্থ জনজো শেলভি এখনই বলে দিচ্ছেন, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়, আমার মতে সে-ই ইংল্যান্ডের সর্বকালের সেরা।’ ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড স্ট্রাইকার জিওফ হার্স্ট অবশ্য এগিয়ে রাখেন চার্লটনকেই, ‘রুনি একজন কিংবদন্তি। তবে দুজনের তুলনা করতে গেলে বলতে হয়, ববি চার্লটন মিডফিল্ডার হিসেবেই এতগুলো গোল করেছেন। আর রুনি তো খেলে স্ট্রাইকার হিসেবে। চার্লটন বিশ্বকাপও জিতেছে, সেটাও মনে রাখতে হবে।’ রয়টার্স, বিবিসি।