রুনির ৪৮৬৯ দিনের রেকর্ড, চেলসির দুঃস্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যাবর্তনেই গোল রুনির। ছবি: রয়টার্স
প্রত্যাবর্তনেই গোল রুনির। ছবি: রয়টার্স

এভারটনের হয়ে আজ দ্বিতীয় অভিষেক হলো ওয়েইন রুনির। এই ক্লাবেই বিস্ময়বালক হিসেবে নিজেকে জানান দিয়েছিলেন। এক যুগেরও বেশি সময় ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে ফিরেছেন সেই এভারটনেই। প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রেখেছেন রুনি। রুনির গোলে স্টোক সিটির বিপক্ষে ১-০ গোলে জিতেছে এভারটন। আর নিজেদের মাঠে ৩-২ গোলে হেরেছে চেলসি।
এভারটনের মাঠে ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ঘুম ধরে গিয়েছিল দর্শকদের। এমন নিরুত্তাপ ম্যাচে মাত্র এক মিনিট যোগ করা হয়েছিল প্রথমার্ধে। রুনির প্রত্যাবর্তন-পর্ব পূর্ণ করতে ওটুকুই যথেষ্ট ছিল। সান্দ্রো রামিরেজের পাস থেকে কালভার্ট-লুইনের ক্রস। ডিফেন্ডারদের ছাপিয়ে দুর্দান্ত এক হেড। গোল! ৪ হাজার ৮৬৯ দিন পর এভারটনের হয়ে রুনির গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে একই ক্লাবে কোনো ফুটবলারের দুই গোলের মধ্যকার ব্যবধানের রেকর্ড এটি।
রুনির এমন আনন্দের দিন দুঃস্বপ্ন হয়ে এসেছে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। নিজেদের মাঠে প্রথম ম্যাচই হেরে বসেছে চেলসি। তিনটি গোলই খেয়েছে তারা প্রথমার্ধে। এর মাঝে স্যাম ভোকসের দুটি গোলই (২৪ ও ৪৩ মিনিটে) ছিল চেলসির রক্ষণের ভুলে। তবে ৩৯ মিনিটে স্টিফেন ওয়ার্ডের গোলটি ছিল সম্পূর্ণ একক কৃতিত্বের। বাঁ প্রান্ত দিয়ে বল টেনে নিয়ে দুরূহ এক কোণ থেকে নেওয়া ওয়ার্ডের গোলার মতো শট আটকাতে পারেননি থিবো কোর্তোয়া।

অভিষেকেই গোল করেছেন মোরাতা, তবে দলের হার এড়াতে পারেননি। ছবি: রয়টার্স
অভিষেকেই গোল করেছেন মোরাতা, তবে দলের হার এড়াতে পারেননি। ছবি: রয়টার্স


অবশ্য চেলসির সর্বনাশ লেখা হয়েছে ১৬ মিনিটেই। ঝুঁকিপূর্ণ এক ট্যাকলে সরাসরি লাল কার্ড দেখেন গ্যারি কাহিল। তিন ডিফেন্ডার নিয়ে নামা চেলসিকে তাই ১৭ মিনিটেই বদলি খেলোয়াড় নামাতে হয়েছিল। তাতে যে আখেরে কোনো লাভ হয়নি, সেটা তো প্রথমার্ধের স্কোরলাইনই (৩-০) বলে দিচ্ছে। দ্বিতীয়ার্ধে সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল চেলসি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। বদলি হিসেবে আলভারো মোরাতা নামার পরই অবস্থার পরিবর্তন হয়েছে। প্রিমিয়ার লিগ অভিষেকের ৯ মিনিটেই গোল করেছেন মোরাতা। ৬৯ মিনিটের সেই গোলের পর ডেভিড লুইসের গোলেও (৮৮ মিনিট) সহায়তা ছিল মোরাতার। কিন্তু শেষ পর্যন্ত বার্নলি গোলরক্ষক টম হিটনের দৃঢ়তার কাছে হার মেনেছে চেলসি। এর মাঝেই দ্বিতীয় চেলসি খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ফ্যাব্রিগাস।
নিজেদের মাঠে এমন চমকের শিকার হতে হয়েছে ক্রিস্টাল প্যালেসকেও। এবারই প্রিমিয়ার লিগে ওঠা হাডার্সফিল্ড ৩-০ গোলে হারিয়েছে তাদের।