রুবেল এখন রতনপুরের গর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার বুনাতলা রতনপুর ছাড়িয়ে অনেক বড় হয়ে উঠছে ফুটবলার রুবেলের জগত। ছবি: প্রথম আলো।
গাইবান্ধার বুনাতলা রতনপুর ছাড়িয়ে অনেক বড় হয়ে উঠছে ফুটবলার রুবেলের জগত। ছবি: প্রথম আলো।

তাঁর খেলা থাকলে এখন গ্রামের মানুষ টিভির সামনে বুঁদ হয়ে থাকে। চায়ের দোকানের ছোট্ট টিভিতে যখন ভেসে ওঠে প্রিয় মুখ, সবার মধ্যে বয়ে যায় আনন্দের হিল্লোল, ‘ওই যে দেখ দেখ...আমাদের রুবেল...।’ রুবেল মিয়া গোল করলে তো কথাই নেই। মিষ্টি খাওয়াও শুরু হয়ে যায়। যেমন হলো গতকাল রাতে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে কালকের সন্ধ্যাটা মাতিয়ে দিয়ে রুবেল নিজেও কাটাচ্ছেন মধুর সময়। চট্টগ্রাম আবাহনীর জার্সি গায়ে ঢাকা মোহামেডানের বিপক্ষে দুটি গোল করে গাইবান্ধার বুনাতলা রতনপুর গ্রামের ২২ বছরের তরুণটির কাছে এখন সব যেন মায়াবী স্বপ্ন। গত রাত থেকেই একের পর এক ফোন পাচ্ছেন প্রিয়জনদের কাছ থেকে। আস্তে আস্তে তাঁর জীবনটা কেমন বদলে যাচ্ছে!
কোথায় ছিলেন আর কোথায় এলেন! রুবেল আনমনে এখন শুধু এটাই ভাবেন। চট্টগ্রাম শহরের হালিশহরে এক আবাসিক ভবনে চট্টগ্রাম আবাহনীর ক্যাম্প, ওখানেই আজ দুপরে বসে কথা বলার ফাঁকে বারবারই বেরিয়ে আসছিল রুবেলের সারল্য। গ্রামে বেড়ে ওঠার গন্ধ এখনো শরীর থেকে যায়নি। নিজেকে রতনপুরের ছেলে হিসেবে গর্বিত ভাবেন, ‘কিছুটা হলেও গ্রামের মানুষের আশা পূরণ করতে পারছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ।’
গ্রামের মানুষও প্রাণভরে তাঁর জন্য দোয়া করছে। শুভকামনা রাখছে। এই রতনপুর গ্রামে এক সময় দাপিয়ে ফুটবল খেলতেন। জাতীয় দলের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন এই গ্রামেরই ছেলে, তাঁকে দেখতেন সব সময়। গ্রামে জীবনের পাশাপাশি ছোট থেকে রুবেলেরও নামডাক। স্কুল জীবনেই প্রতিভার ঝলক দেখান। ২০০৯ সালে ঢাকায় সিটি সেল স্কুল ফুটবলের চূড়ান্ত পর্বটা হয়ে উঠেছিল রবেলময়। চার ম্যাচে সর্বোচ্চ ১৪ গোল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সব পুরস্কার উঠল তাঁর হাতে। তবে গোবিবন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সেমিফাইনালে বিদায় নেওয়ায় আনন্দের মধ্যে অতৃপ্তি থাকল মনে। পরের বছরই দিল্লিতে অনূর্ধ্ব-১৭ সুব্রত কাপে খেলতে বাংলাদেশ দলে ডাক পেয়েও আসতে চাইছিল না ছেলেটি। এলাকার ‘রাজ্জাক স্যার’ জোর করে নিয়ে আসেন। এখন ভাবেন ‘রাজ্জাক স্যার’ জোর না করলে হয়তো এত দূর আসা হতো না। তাই কৃতজ্ঞতায় বাঁধেন কিছুদিন আগেই প্রয়াত স্যারকে। 

তবে তাঁর নিজের চেষ্টাও কম ছিল না। অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে এই রুবেলের গোলেই ইরাকের মাটিতে ইরাককে হারিয়েছে বাংলাদেশ। ২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লিগে ব্রাদার্সের জার্সিতে প্রথম একাদশে খেলে গোল করেছেন ৫টি। পরের মৌসুম অর্থাৎ গতবার তারকাবহুল শেখ জামালে বদলি হিসেবে প্রথম পর্বে ৯ টি ম্যাচ খেলে গোল আছে একটি। আর এবার চট্টগ্রাম আবাহনীতে এসে কখনো মূল একাদশে, কখনো বা বদলি হিসেবে খেলে এখন পর্যন্ত পাঁচটি গোল করেছেন, যার তিনটিই গত দুটি লিগ ম্যাচে। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার শরীর নিয়েই ত্রাস হয়ে উঠছেন ঘরোয়া ফুটবলের বড় মঞ্চে।
রুবেলের দ্রুত উন্নতি দেখে বিস্মিত চট্টগ্রাম আবাহনীর কোচ যোসেফ পাভলিক। তাঁর ক্যারিয়ারে নাকি এত দ্রুত উঠে আসা খেলোয়াড় দেখেননি। এই উন্নতির পেছনে খেলার প্রতি রুবেলের একাগ্রতাই সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। আজকের তরুণদের মধ্যে প্রতিভাবান ফুটবলারের আকাল, তার ওপর বেশির ভাগ খেলোয়াড়ই খেলার বাইরের বিষয় নিয়ে মেতে থাকে বেশি। রুবেল এখানে ব্যতিক্রম। আর তা দেখে চট্টগ্রাম আবাহনীর সিনিয়র খেলোয়াড় জাহিদও একটু অবাক, ‘ও খেলা ছাড়া আর কোনো কিছু ভাবে না। শান্ত, ভদ্র। এটা ধরে রাখতে পারলে ও অনেক বড় খেলোয়াড় হতে পারবে।’
কিন্তু রুবেল দুঃখ পান এই ভেবে, বাবা দেখতে পেলেন না তাঁর ছেলের এই উঠে আসা। রুবেলের বয়স যখন মাত্র ৪ বছর, দুই ছেলে ও এক মেয়েকে রেখে মারা যান বাবা। বলতে গেলে বাবার কোনো স্মৃতিই মনে নেই। এটা তাঁর জীবনে অনেক বড় কষ্টের জায়গা। মায়ের মুখে শুনেছেন, বাবা সে সময়ে বিজিবিতে চাকরি করতেন। রাঙামাটিতে পোস্টিং ছিল, হঠাৎ একদিন তাঁর মরদেহ এল বাড়ি। ‘বলা হয়েছে বাবা হার্টঅ্যাটাকে মারা গেছেন, কিন্তু তাঁর শরীরে নাকি দাগ ছিল’ বলতে বলতে চোখ ছলছল করে ওঠে রুবেলের। বাবার অবর্তমানে দুই ভাই পাশে দাঁড়িয়েছেন। ভাইয়েরা সিঙ্গাপুরে থাকেন অনেক দিন। তাঁরা রুবেলকে কখনো অর্থাভাব বুঝতে দেননি। রুবেল পেছনে তাকান, ‘ মা সব সময় ভাইদের সহায়তায় আমার সব আবদার পূরণ করেছেন। বল, বুট কোনো কিছু চাইলে না বলেননি।’
তাঁর আবদারে সাড়া দিয়ে মা-ভাইয়েরা কোনো ভুল করেননি। রুবেল যে আজ রতনপুরের গর্ব!