রুবেল মিয়া যেন 'ডেভিড বেকহাম', দেখে নিন আবাহনীর দুর্দান্ত গোল দুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনীর দুই গোলদাতা সাদ উদ্দিন (বাঁয়ে) ও রুবেল মিয়া। ছবি: প্রথম আলো
আবাহনীর দুই গোলদাতা সাদ উদ্দিন (বাঁয়ে) ও রুবেল মিয়া। ছবি: প্রথম আলো

কার গোলটা বেশি সুন্দর? সাদ উদ্দিন না রুবেল মিয়া?
ধন্দে পড়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। আজ এএফসি কাপে ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে আবাহনীর জয়টাই ছিল চমক জাগানিয়া। ৮০ মিনিটে ডিফেন্ডার নাসির লাল কার্ড দেখায় ১০ জনের দল হয়ে পড়ে আবাহনী, তখনো ম্যাচ ছিল গোলশূন্য। দশজনের দল নিয়েই পরে ভারতীয় লিগে এই মুহূর্তে পঞ্চম ও ম্যাচের আগের হট-ফেবারিট বেঙ্গালুরুর জালে দু-দুটি গোল দিল আবাহনী! কে ভেবেছিল এমন কিছু?

২-০ গোলে আবাহনীর এই জয়ই অভাবনীয়, কিন্তু তার চেয়েও চোখ কপালে উঠে যাওয়ার মতো ব্যাপার হচ্ছে সাদ ও রুবেলের গোল দুটি। নাসির লাল কার্ড দেখার পরই মাঠে নামেন দুই বছর আগে সিলেটে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে চমক দেখানো বাংলাদেশ দলের স্ট্রাইকার সাদ। নেমেই গোল! কী দুর্দান্ত ফিনিশিং! ডান দিক থেকে ভেসে আসা ক্রসে ডাইভিং শট!
সাদের গোলটিই চোখে লেগে থাকার মতো। তবে কিছুক্ষণ পর তাঁকে টেক্কা দেওয়ার মতো এক গোল করলেন রুবেল মিয়াও। এমনই গোল, যেটি মনে করিয়ে দিল ডেভিড বেকহামকে। ১৯৯৬ সালে উইম্বলডনের বিপক্ষে মাঝবৃত্তের কাছাকাছি জায়গা থেকে গোল করেছিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি। আজ রুবেলের গোলটিও অনেকটা তেমনই। আক্রমণে বেঙ্গালুরুর গোলকিপারও উঠে গিয়েছিলেন। কিন্তু প্রতি আক্রমণে বল এল রুবেলের পায়ে। ফাঁকা পোস্ট পেয়ে মাঝবৃত্ত থেকেই শট নিলেন, সেটি জড়িয়ে গেল জালে!
আবাহনীর জয়ই বাংলাদেশের ফুটবলের জন্য সুখবর। তাতে আরও বাড়তি পাওনা, দুই তরুণ বাংলাদেশি ফরোয়ার্ডের এমন দুর্দান্ত গোল।